কয়লা পাচার কাণ্ডে বড় রায় সুপ্রিম কোর্টের, ভোটের আগে ফের ইডি দফতরে ঢুঁ মারতে হবে নাকি অভিষেককে?

কখনও কয়লা পাচার কাণ্ড তো কখনও আবার নিয়োগ দুর্নীতি কাণ্ড, নানান ইস্যুতে একাধিকবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বেশ বিড়ম্বনাতেও পড়তে হয়েছে তাঁকে। তবে এখন সামনেই লোকসভা নির্বাচন। এর আগে কী ফের ইডির তলবে যেতে হতে পারে অভিষেককে? কয়লা পাচার কাণ্ড নিয়ে এবার বড় রায় দিল সুপ্রিম কোর্ট।    

দীর্ঘদিন ধরে কয়লা পাচার মামলায় ইডির নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কলকাতাই নয়, দিল্লির দফতরেও তাঁকে তলব করেছে ইডি। একাধিকবার হাজিরাও দিয়েছেন তৃণমূল নেতা। তবে সামনেই লোকসভা নির্বাচন। ফলে এমন আবহে যদি ইডি সমন পাঠায়, তাহলে বেশ সমস্যায় পড়তে হবে তৃণমূল নেতাকে।   

সেই কারণে এই মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে এদিন আবেদন করেন, লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ আগামী জুলাই মাস পর্যন্ত যাতে অভিষেককে ইডি দিল্লিতে তলব না করে।

এদিন শীর্ষ আদালতকে সিব্বল জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একজন সাংসদ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আগামী ১ জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট”।

অভিষেকের আইনজীবী আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির তলবে বারবার সহযোগিতা করেছেন। ইডির নির্দেশ মতো দশ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন তিনি। তলবে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সেই কারণে আপাতত যেন তাঁকে আর তলব না করা হয়।

কী নির্দেশ দিল শীর্ষ আদালত?

অভিষেকের আইনজীবীর এই যুক্তি শুনে এদিন বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পরবর্তী শুনানির দিন পর্যন্ত দিল্লিতে আর তলব করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ১০ জুলাই সুপ্রিম কোর্টে পরবর্তী এই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ ভোটের আগে শীর্ষ আদালত বড়সড় স্বস্তি দিল তৃণমূল নেতাকে।

RELATED Articles