নিজের বাড়িতেই গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের মন্দির। মোদীর বড় ভক্ত (Modi follower) বলেই পরিচিত তিনি। মোদী বলতে যেন অজ্ঞান। তবে সেই ভক্ত যে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলতে পারেন, তা আন্দাজই করতে পারেন নি কেউ। প্রধানমন্ত্রী মোদীই যাতে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসেন, সেই প্রার্থনা করে এক কাণ্ড করলেন এক ব্যক্তি।
অনেক সময়ই নানান রাজনৈতিক ব্যক্তিত্বদের অনুগামীরা হোম, যজ্ঞ, পুজো-অর্চনা করেই থাকেন তাদের পছন্দের নেতাদের জন্য। কিন্তু তা বলে কেউ নিজের আঙুল কেটে তা উৎসর্গ করবেন, এ যেন ভাবনার অতীত। কিন্তু এমনটা বাস্তবেই হয়েছে।
কী ঘটিয়েছেন ওই মোদী ভক্ত (Modi follower) ?
ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। ওই মোদী ভক্তের (Modi follower) নাম বর্ণেকর। তিনি কর্ণাটকের করওয়ার শহরের বাসিন্দা। নিজের বাড়িতেই মোদীর নামে মন্দির গড়ে তুলেছেন তিনি। জানা গিয়েছে, নরেন্দ্র মোদী যাতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন, সেই কারণে তিনি মা কালীর সামনে নিজের আঙুল কেটে তা উৎসর্গ করেছেন। আর সেই রক্ত দিয়ে দেওয়ালে মোদীর মঙ্গল কামনায় বার্তা লেখেন। লিখেছেন, “মোদী বাবা সবার চেয়ে মহান”।
জানা গিয়েছে, এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ও এমনই এক কাণ্ড ঘটাতে গিয়েছিলেন বর্ণেকর। তবে সেবার ব্যর্থ হন তিনি। তবে এবার আর ব্যর্থ হন নি। মোদীকে ফের দিল্লির গদিতে দেখতে নিজের আঙুলের বলিদান দেন এই মোদী ভক্ত (Modi follower)।
তবে মোদী ভক্তের (Modi follower) এমন কাণ্ডে একেবারেই খুশি নন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে কারওয়ারের স্থানীয় এক বিজেপি কর্মী জগদীশ নায়েক সংবাদমাধ্যমে বলেন, “এগুলো পাগলামি। এই সব না করে তিনি মানুষের কাছে গিয়ে এটা বোঝাতে পারেন যে মোদী সরকার কত কী ভালো কাজ করেছে”।
অন্যদিকে, আরও এক বিজেপি নেতা নন্দ কিশোর বলেন, “আমি হতবাক। আমি আবেদন করব, এই ধরনের কাজ যেন লোকে না করে। আমরা সবাই চাই মোদী জিতুক। কিন্তু মোদীর প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করার আরও অনেক উপায় আছে। এটা অন্তত সঠিক উপায় নয়”।





