‘আমার বাছাই করা প্রার্থী তালিকা মমতা না মানলে সবাই নির্দল থেকে লড়বে’, মমতাকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর

৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। এরই মধ্যে ফের একবার সুর চড়ালেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এমনিতেই দলের সঙ্গে তাঁর সম্পর্ক বিশেষ ভালো যাচ্ছে না। এরই মধ্যে তিনি হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত ভোটে তাঁর প্রার্থী তালিকা অনুযায়ী প্রার্থী না দিলে ইসলামপুর বিধানসভা কেন্দ্রের ১১টি পঞ্চায়েতে নির্দল প্রার্থী দাঁড় করাবেন তিনি।

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ চরমে উঠেছে। আব্দুল করিমের অভিযোগ, জেলা সভাপতির অনুগামী ব্লক সভাপতি জাকির হোসেন তাঁকে বিধানসভা ভোটে হারানোর চেষ্টা করেছেন। তাঁর এও অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীদেরই পঞ্চায়েত ভোটে প্রার্থী করা হচ্ছে।

আব্দুল করিমের কথায় স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। তাঁর মনোনীত প্রার্থীদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকও করেন তৃণমূল বিধায়ক। সংবাদমাধ্যমে তিনি জানান, “আমি বিধায়ক। এই ভোটে পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হবেন সেটা তিনিই নির্ধারণ করবেন। এখানে অন্য কেউ হস্তক্ষেপ করবেন না। তিনি সাফ জানিয়েছেন, দলের প্রার্থী তালিকা তৈরি করে  মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে পাঠিয়ে দেব। তিনি যদি  আমার বাছাই করা প্রার্থীদের মনোনীত করেন তো ভালো, না করলে ওরা আমার সমর্থনে আমার প্রতিনিধি হিসাবে নির্দল থেকে পঞ্চায়েত ভোটে লড়বে”।

পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত গোঁজ প্রার্থীর তত্ত্বকে এদিন উসকে দিলেন আব্দুল করিম চৌধুরী। সেই সঙ্গেই এবারও যে উত্তরবঙ্গে নির্দল কাঁটায় বিদ্ধ হবে শাসকদল সেটাও কার্যত উসকে দিলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। 

এই বিষয়ে ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, “কোন নেতা পিছনে আছে সেটা বড় কথা নয়। মানুষ যাকে চাইবে সেই প্রার্থী হবে। সেটা দলের নির্দেশ। আর দল যেভাবে বলেছে সেভাবেই আমরা তালিকা পাঠিয়েছি। দল যে তালিকায় সিলমোহর দেবে তার সঙ্গেই আমরা থাকব”। অন্যদিকে, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গলাতেও সেই একই সুর। তাঁর কথায়, “বিধায়করা তালিকা পাঠাতেই পারেন। কিন্তু দল যাকে সমর্থন দেবে সেই প্রার্থী হবে”।

RELATED Articles