আর দু’দিন বাদেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। রাজ্যের নানান প্রান্তেই চলছে জোরদার প্রচার। নানান প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এবার এক নির্বাচনী সভা থেকেই বিজেপিকে বাংলা থেকে তুলে দেওয়ার হুঁশিয়ারি শানালেন অভিষেক (Abhishek Banerjee)।
আজ, বুধবার মুর্শিদাবাদে নির্বাচনী সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সভা থেকেই তিনি দাবী করেন, বিজেপির ১০ বিধায়ক নাকি তৃণমূলে আসার জন্য তৈরি হয়েই রয়েছেন। তাঁর কথায়, “বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেব”।
লোকসভা ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মমতার দীর্ঘদিনের সঙ্গী বর্ষীয়ান নেতা তাপস রায়। বিজেপির প্রার্থী হয়েই তিনি এবারের লোকসভা ভোটে লড়ছেন কলকাতা উত্তর কেন্দ্র থেকে। সেই প্রসঙ্গ টেনেই এদিন অভিষেক (Abhishek Banerjee) বলেন, “ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে জোর করে বিজেপিতে নিয়ে গিয়েছে। আসলে প্রার্থী নেই তো। তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে”।
তৃণমূল নেতার (Abhishek Banerjee) কথায়, “আমিও সঙ্গে সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে ওদের একজন এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে এনেছি”। আর এরপরই তিনি দাবী করেন, বিজেপির আরও ১০ জন বিধায়ক নাকি তৃণমূলে আসতে চাইছেন।
অভিষেকের (Abhishek Banerjee) দাবী, “বিজেপির যত রাগ তো আমার ওপর। বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইডি, সিবিআইকে দিয়ে গত ৩-৪ বছর ধরে আমার মা, বাবা, স্ত্রী কাউকে ছাড়েনি। তবু মাথা নত করিনি। আরে গলা টিপে দিলেও মাথা নত করব না। দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। মাথা নত করতে হলে মানুষের কাছে মাথা নত করব”।
উল্লেখ্য, ভোটের মুখে দলবদলের হিড়িক এমন কিছু নতুন ঘটনা নয়। আগেও এই ঘটনা অনেক ঘটেছে। তবে অভিষেকের (Abhishek Banerjee) এত বড় এক দাবী যে ১০ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চাইছেন, তা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়েছে। এই ১০ বিধায়ক কারা, তা নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।






