‘৪২ আসনেই প্রার্থী প্রত্যাহার করে নেব, কিন্তু…’, মোদীকে খোলাখুলি চ্যালেঞ্জ অভিষেকের, কী শর্ত দিলেন তৃণমূল নেতা?

লোকসভা ভোট এখন প্রায় দোরগোড়ায়। এমন আবহে সমস্ত রাজনৈতিক দলের নেতারাই একে অপরকে নানান অস্ত্রে, বাক্যবাণে শানাতে ব্যস্ত। এবার এক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এক ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৪২টি আসন থেকেই তৃণমূলের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার কথা জানালেন কিন্তু এর জন্য একটি শর্ত দিলেন তিনি প্রধানমন্ত্রীকে।  

লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তৃণমূলের নতুন মন্ত্র- ‘দিদির গ্যারান্টি না মোদির গ্যারান্টি- কার গ্যারান্টি চান’? এমন কথাই সাম্প্রতিককালে নানান জনসভায় গিয়ে বলতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এবার মথুরাপুরের জনসভা থেকেও এই কথা বলেন অভিষেক। খোলাখুলি চ্যালেঞ্জ করেন তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে।

কী চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)?

এদিনের জনসভা থেকে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিন। আপনারা পারলে এখানে ১ হাজার টাকা গ্যাসটা ফ্রি করে দিন। একটা নোটিফিকেশন করুক কেন্দ্রীয় সরকার। বলুক আগামী ৫ বছর এক হাজার টাকার রান্নার গ্যাসটা ফ্রিতে দেব। ৪২টা লোকসভা কেন্দ্র থেকে তাহলে প্রার্থী তুলে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে। এত বড় কথা বলে গেলাম। ক্ষমতা আছে? পারবেন? ওপেন চ্যালেঞ্জ”।

লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল সরকারের এক স্বপ্নের প্রকল্প বলা যায় যে প্রকল্পে বাংলার মহিলারা ৫০০ টাকা ও তফশিলি জাতির মহিলারা ১০০০ টাকা করে পান। তবে এপ্রিল মাস থেকে তারা ১০০০ টাকা ও তফশিলি জাতির মহিলারা পাবেন ১২০০ টাকা করে। এই প্রকল্পকেই চ্যালেঞ্জ করে বিজেপি একাধিকবার বলেছে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন অভিষেক (Abhishek Banerjee) বলেন, “এবিজেপি নেতারা বলছেন, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। তাও আবার ১০০০-২০০০ নয়, ৩০০০ টাকা করে। আপনারা দেশের ১৭টি রাজ্যে ক্ষমতায় রয়েছেন, কোথাও একা, কোথাও জোটে। উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানে তো তৃণমূল নেই! আপনাদের সরকার রয়েছে। অসমেও আপনাদের সরকার। এর মধ্যে একটি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখান, ৩০০০ নয়, ১৫০০ টাকা করেই দিয়ে দেখান। আমি রাজনীতি ছেড়ে দেব।

অভিষেকের (Abhishek Banerjee) এহেন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন, “পশ্চিমবঙ্গবাসী এটাকে চ্যালেঞ্জ বলে মনে করছেন না। এটাকে একটা বালখিল্য আচরণ বলেই মনে করছেন। তিনি রাজ্য সরকারের কেউ নন। তিনি দলের উত্তরাধিকারী। দলের মালিকানা আছে তাঁর কাছে। মুখ্যমন্ত্রীর অবর্তমানে তিনিই দলের মালিক। এখনও পর্যন্ত এটাই ঠিক। তবে দল কতদিন থাকবে এটা অজানা”।

এরপর আরও কড়াভাবে তিনি বলেন, “তিনি মুখ্যমন্ত্রীকে বলুন না রাজ্য সরকার যে টাকাটা পায় রান্নার গ্যাস, পেট্রোল ডিজেল থেকে তা ছেড়ে দিতে। তারপর নরেন্দ্র মোদী চিন্তাভাবনা করবে। কোভিডকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পেট্রোলিয়াম পণ্যের উপর থেকে প্রতিটা রাজ্য তাঁদের প্রাপ্য টাকা কিছুটা কমিয়ে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী দুবার কমিয়েছেন। কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার এক টাকাও কমায়নি”।

RELATED Articles