আবহাওয়ার মুড সুইং! রোদকে ছুটি দিয়ে আকাশে জমেছে মেঘ, কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

ফের রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। বিগত কয়েকদিনে শীতকে বিদায় দিয়ে আবহাওয়া উষ্ণ হরে শুরু করেছিল। তবে এবার ফের বঙ্গের মাটি ভিজবে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বঙ্গে গরম পড়ে গিয়েছে বলাই যায়।  রাজ্যের নানান প্রান্তে ইতিমধ্যেই তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দিঘা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস,  মেদিনীপুর ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, আলিপুর ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, দমদম ৩২.৪ডিগ্রি সেলসিয়াস, হাওড়া ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, সুন্দরবন ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল ৩১.০ডিগ্রি সেলসিয়াস।

ফের কেন বৃষ্টি রাজ্যে?

এই তাপমাত্রার ঊর্ধ্বমুখীর খবরের মধ্যেই এবার এল বৃষ্টির বার্তা। হাওয়া অফিস জানাচ্ছে, অসমের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব ভারতের দিকে পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে। আবার উত্তর-পশ্চিম ভারতেও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার। এর জেরেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় আবার শিলাবৃষ্টিও হতে পারে বলে খবর।  

কোথায় কোথায় হবে বৃষ্টি?

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে।। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে এই অকাল বৃষ্টির কারণে চাষবাসে ফের ক্ষতি হতে চলেছে বলেই আশঙ্কা।

উত্তরবঙ্গের আবহাওয়া কী খবর?

হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। দুই দিনাজপুর, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। আগামীকাল, শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে খবর।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles