আজ বাদে কাল পঞ্চায়েত নির্বাচন। গতকাল, বৃহস্পতিবারই ছিল প্রচারের শেষ দিন। শেষ লগ্নে জোরদার প্রচার করেন সমস্ত রাজনৈতিক দলেরই নেতানেত্রী। এদিন নির্বাচন প্রচারে বেরিয়ে রেশন দোকানে ঢুকে রেশন ডিলারকে ধমক দিলেন বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পাল। নিম্নমানের চাল দেখে রেশন ডিলারকে ধমক দিলেন তিনি। অভিযোগ জানালেন খাদ্য দফতরেও।
ঠিক কী ঘটেছিল?
গতকাল, বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ বিধানসভার রানিগঞ্জ পঞ্চায়েত এলাকায় চেলোদ গ্রামে প্রচারে যান সাংসদ অগ্নিমিত্রা পাল। সেখানকার মানুষজন তাঁকে অভিযোগ করেন রেশনে নিম্নমানের চাল দেওয়া হচ্ছে। তা শুনে রেশন দোকানে সটান ঢুকে যান তিনি।
দোকানে ঢুকে অগ্নিমিত্রা দেখেন, বর্ষায় চাল ভিজে গিয়েছে। আর সেই ভেজা চাল দলা পাকিয়ে গিয়েছে। আর সেই চালই দেওয়া হচ্ছে লোকজনকে। এই খবর পেয়ে রেশন ডিলার মানিক মাজির কাছে চলে যান অগ্নিমিত্রা। সব দেখেশুনে তাঁকে ধমক দেন।
এদিন অগ্নিমিত্রা রেশন দোকানে গিয়ে দেখেন, মাটিতে রেশন সামগ্রী পড়ে রয়েছে। চালে অসংখ্য পোকা ধরে রয়েছে। এমন দৃশ্য দেখে খাদ্য দফতরের আধিকারিকদের ফোন করেন সাংসদ। অভিযোগ করেন এই নিয়ে।
এই বিষয়ে খাদ্য দফতরের জেলা আধিকারিক সঞ্জীব হালদার বলেন, “একটি অভিযোগ পেয়েছি, আমরা খতিয়ে দেখছি। কোনও বস্তা খারাপ আছে এই খবর পেলেই আমরা নিশ্চয়ই সেই বস্তা পাল্টে দেব”।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা অভিজিৎ ঘটক বলেন, “এ রাজ্যেই বিনামূল্যে রেশন দেওয়া হয়। কোনও খারাপ চাল দেওয়া হয় না। অগ্নিমিত্রা পাল ভোটের আগে স্টান্টবাজি করছেন”।





