কেন্দ্রের তরফে চিঠি দেওয়ার পরও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে রাজী হন নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর, আজ, সোমবার নিজের কর্মজীবন থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করেন। অন্যদিকে, রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বরাষ্ট্রসচিব পদে তাঁর বদলে আনা হল বি পি গোপালিকাকে।
মুখ্যসচিইবের বদলি নিয়ে শেষ কিছুদিন ধরেই চলছে কেন্দ্র-রাজ্য তরজা। আজ, সোমবার নয়া দিল্লিতে যাওয়ার শেষ দিন ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি যান নি। বরং, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে চিঠি লিখে স্পষ্ট জানান যে মুখ্যসচিবকে ছাড়তে নারাজ রাজ্য সরকার।
এরপর আজই বিকেলে কেন্দ্রের তরফে পাল্টা চিঠি আসে রাজ্যে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই অবসর গ্রহণ করেন মুখ্যসচিব।
উল্লেখ্য, যদিও ৩১শে মে তারিখেই আপালন বন্দ্যোপাধ্যায়ের অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় যশের পড় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁর কর্মজীবনের মেয়াদ আরও তিনমাস বাড়ানোর জন্য আবেদন করে রাজ্য। এরপরই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্র। এরপর থেকেই শুরু হয় কেন্দ্র-রাজ্য বিরোধ।
তবে হিসাব মতো ৩১শে মে-ই অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ পয়লা জুন থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নতুন পদ গ্রহণ করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, আগামী তিন বছর এই পদে নিযুক্ত থাকবেন তিনি।





