শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছিলেন, এবার সেই প্রাক্তন মন্ত্রী পরেশকন্যা অঙ্কিতাকে নতুন ‘চাকরি’ দিল তৃণমূল

বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় চাকরি বাতিল হয়েছিল তাঁর। তা নিয়ে রাজ্যে কম চর্চা, বিতর্ক হয়নি। আঙুল উঠেছিল তাঁর মন্ত্রী বাবা পরেশ অধিকারীর দিকে। মন্ত্রিত্বও খুইয়েছিলেন তিনি। এবার সেই মন্ত্রী অঙ্কিতা অধিকারীকেই নিজেদের দলেই নতুন চাকরি দিল তৃণমূল। আর এ নিয়ে ফের শুরু হয়েছে এক তরজা।

বলে রাখি, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম ওঠে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারীর। নম্বর কম থাকা সত্ত্বেও মেধা তালিকায় নাম ছিল তাঁর, এমনটাই অভিযোগ ওঠে। শিক্ষকতাও করেছিলেন কয়েক বছর। সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠলে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয় অঙ্কিতার চাকরি। বেতনের টাকাও ফেরত দিতে হয়েছিল তাঁকে। এবার সেই অঙ্কিতাই পেলেন নতুন চাকরি তাও তৃণমূলের তরফে।

জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাজনীতির ময়দানে নামলেন অঙ্কিতা অধিকারী। কোচবিহার তৃণমূল জেলা সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে তাঁকে। নতুন দায়িত্ব পেয়ে বেশ খুশি তিনি। তবে তাঁর এই নিয়োগ নিয়েও রাজনৈতিক তরজা কিছু কম নয়। তবে নতুন ‘চাকরি’ পেয়ে অঙ্কিতা বলেন, “লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচারে বেরিয়েছিলাম। মানুষের কাছে গিয়েছি। দল আমাকে ভরসা করেছে। তাই দায়িত্ব দিয়েছে। একসঙ্গে কাজ করব”।

উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে কোচবিহার থেকে হেরে গিয়েছেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ফলে উত্তরবঙ্গের মাটিতে ফুটেছে ঘাসফুল। লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জে তৃণমূল বেশ ভালো ফল করেছে। দলের শীর্ষ নেতারা বেজায় খুশি। সেই কারণেই অঙ্কিতা অধিকারীকে গুরুদায়িত্ব দেওয়া হল। মনে করা হচ্ছে, এবার মহিলা মুখকে সামনে রেখে এই এলাকায় আরও উন্নয়নের কাজ করতে চায় তৃণমূল।

অঙ্কিতাকে এই দায়িত্ব দেওয়া প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “‌এবারের লোকসভা নির্বাচনের প্রচারে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অঙ্কিতা। শীর্ষ নেত়ৃত্বের নির্দেশে তাঁকে জেলা সম্পাদকের পদে নিযুক্ত করা হল”।

যদিও এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। এক নেতার কথায়, “কে জানে এখানেও বাবার সুপারিশ আছে কি না”। যদিও এই কটাক্ষে বিশেষ আমল দিয়ে রাজি নন অঙ্কিতা। এখন থেকেই তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে কাজ শুরু করতে চান।

RELATED Articles