এবার সহজেই ধরা পড়বে কর্কট রোগ। সেইসঙ্গে চিকিৎসাও হবে দ্রুত। আজ অ্যাপোলো হাসপাতালের তরফ থেকে পূর্ব ভারতে অত্যাধুনিক হ্যালসিয়ন রেডিয়েশন থেরাপি প্রযুক্তি স্থাপনের ঘোষণা করা হল যা দিয়ে উন্নতমানের ক্যান্সারের চিকিৎসা করা হবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে নির্দিষ্টভাবে কাজ করবে এই প্রযুক্তি। বর্তমান যে প্রযুক্তি দিয়ে ক্যান্সার রোগ নির্ধারণ এবং চিকিৎসা করা হয় এই অত্যাধুনিক প্রযুক্তি তার থেকে চার গুণ দ্রুত হারে পরিষেবা দেবে।
অ্যাপোলো হাসপাতাল গ্রুপের চেয়ারম্যান ডঃ প্রতাপ সি রেড্ডি জানান, এই পদ্ধতিতে রোগীকে দ্রুত সুস্থ করা হবেই আমাদের মূল লক্ষ্য। এই অত্যাধুনিক মেডিকেল প্রযুক্তির ফলে খরচাও অনেকটাই সাধ্যের মধ্যে হবে। পূর্ব ভারতে আমরাই প্রথম এই প্রযুক্তি এনেছি। বর্তমানে যে হারে ক্যান্সার রোগীর পরিমাণ বাড়ছে সেখানে অত্যাধুনিক প্রযুক্তি ছাড়া আমাদের পক্ষে এগোনো সম্ভব নয়। আমরা আশা করছি এই রেডিয়েশন থেরাপি পূর্ব ভারতের প্রচুর ক্যান্সার রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে।
আরও জানানো হয়েছে, এই হেলকন রেডিয়েশন থেরাপি ক্যান্সার টিউমার এর চারিদিকে ঘিরে থাকা যে সুস্থ টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকে কমিয়ে দিতে পারে অথবা একেবারেই ধ্বংস করতে পারে। মাথা, গলা, প্রস্টেট অথবা ফুসফুসের ক্যান্সারে এই থেরাপি অত্যন্ত কার্যকরী। এই রেডিয়েশন থেরাপিতে পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলকভাবে কম হয়। স্ট্যান্ডার্ড রেডিয়েশন থেরাপিতে চিকিৎসা হতে যে সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগবে হ্যালসিয়ন রেডিয়েশন থেরাপিতে।
অ্যাপোলো হাসপাতাল-এর পূর্ব ভারতের সিইও রানা দাশগুপ্ত জানিয়েছেন, ক্যান্সার রোগীরা স্বাচ্ছন্দ্যের মধ্যেই এই হ্যালসিয়ন রেডিয়েশন থেরাপি নিতে পারবেন। চিকিৎসার পর সহজেই রোগীরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
হ্যালসিয়ন রেডিয়েশন থেরাপি ইমেজ গাইডেন্স এবং ইনটেনসিটি মডিউলেশন রেডিও থেরাপির মাধ্যমে কাজ করবে। পুরনো রেডিওথেরাপি ব্যবস্থায় যেখানে চিকিৎসা শেষ করতে ৩০ ধাপ লাগত সেখানে হালকন রেডিয়েশন থেরাপি তে মাত্র ৯ ধাপে চিকিৎসা সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে। অ্যাপোলো হাসপাতাল-এর এই অভিনব উদ্যোগ এর ফলে পূর্ব ভারতের ক্যান্সার রোগীরা যথেষ্ট উপকৃত হতে চলেছেন।






