কেন্দ্রীয় সরকার কোনও কাজের কাজ করে না, ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ অর্জুনের! কীসের ইঙ্গিত সাংসদের গলায়?

ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর কথায়, “কেন্দ্র কোনও কাজের কাজ করে না, শুধু আইন দেখাচ্ছে”। বিজেপি সাংসদের মুখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধরণের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সিআইএসএফের পাহারা থাকা সত্ত্বেও কীভাবে তাঁর বাড়ির সামনে বোমাবাজি হল, এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ।

জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। রাত ২টোর সময় হঠাৎ দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে পরপর বেশ কয়েকটি বোমা ফেলেন বলে অভিযোগ অর্জুনের। এর জেরে গোটা পাড়ায় আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন- ‘আগে পরিকাঠামো ঠিক করুন’ ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষোভ জাহির মৃত ঋষভের পরিবারের

আজ, বৃহস্পতিবার সকালে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন অর্জুন সিং। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। সকালে তদন্তকারীরা এলাকা পরিদর্শন করে যান। সেই সময় পুলিশের সামনেই অর্জুন সিং অভিযোগ করেন যে তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত চলছে। এরপর ক্ষুব্ধ অর্জুনের মুখে বিস্ফোরক কথা। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখিয়ে যাচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না! এদিকে দলীয় কর্মীরা ঘর ছাড়া হচ্ছে, তাদের বাড়ি লুঠপাট হয়ে যাচ্ছে। তাদেরকে মারধর করা হচ্ছে। বাংলার অবস্থা আবার ১৯৪৭ হতে চলেছে”।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে অর্জুন সিং প্রশ্ন তোলেন তাঁর বাড়ির সামনে সিআইএসএফের পাহারা দেওয়া সত্ত্বেও কীভাবে বোমাবাজি হল? কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তার ভূমিকা কী তাহলে?

এর আগে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অর্জুন সিং। নির্বাচনের ফল ঘোষণার পর জগদ্দল, ভাটপাড়া এলাকায় যেভাবে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এরই প্রতিবাদে একথা বলেছিলেন সাংসদ। তাঁর বক্তব্য ছিল, “গণতন্ত্র রক্ষার জন্য জনগণের ভোটে জয়ী হয়েছি। আর জনগণকে রক্ষা করতে পারছি না। তাহলে সেই জনপ্রতিনিধি থেকে লাভ কী? এর থেকে ইস্তফা দিয়ে দেওয়া আমাদের উচিত”।

আরও পড়ুন- বিরোধী দলের হয়ে প্রচার! রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মায়ের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা প্রস্তাব

বলে রাখি, নিজের লোকসভা কেন্দ্রের আওতায় পড়া সাটটি বিধানসভা কেন্দ্র থেকেই জয়ের আশা করেছিলেন অর্জুন সিং। কিন্তু ফলাফলের শেষে দেখা যায় শুধুমাত্র ভাটপাড়া ও জগদ্দলই হাতে এসেছে বিজেপির। বাকী পাঁচটি কেন্দ্রে উঠেছে উড়েছে সবুজ আবির।

RELATED Articles