চলছে দুর্গাপুজো। চারদিকে আলো ঝলমল করলেও কোথাও গিয়ে যেন এবারের দুর্গাপুজোর ছন্দে তাল কেটেছে। আর জি করের ঘটনার জেরে মন ভালো নেই কারোরই। তবে মায়ের আরাধনা তো বন্ধ করা যায় না। সেই কারণে পুজোও যেমন চলছে, তেমনই চলছে প্রতিবাদও। এসবের মধ্যেই এবার এক পুজো মণ্ডপের অসুর বেশি ভাইরাল হল মণ্ডপের দুর্গার চেয়ে। কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়ায় এবার তুমুল ভাইরাল মুর্শিদাবাদের বহরমপুরের স্বর্গধাম সেবক সংঘের দুর্গাপুজো। না, দুর্গামূর্তি বা মণ্ডপের জন্য নয়, বরং এই পুজো ভাইরাল হয়েছে মণ্ডপের অসুরের জন্য। হ্যাঁ ঠিকই পড়ছেন। মণ্ডপের অসুরই যেন এখানে দর্শনীয়। এই মণ্ডপের মুখের আদলের সঙ্গে অনেকটা মিল রয়েছে আর জি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের সঙ্গে।
এই মূর্তি বানিয়েছেন মৃৎশিল্পী অসীম পাল। আর সেই মূর্তির অসুরের সঙ্গে হুবহু যেন মিলে গিয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ তথা ধৃত সন্দীপ ঘোষের মুখের আদল। তবে পুজো কমিটির তরফে এই দাবী উড়িয়ে দেওয়া হয়েছে বটে। কিন্তু, সাধারণ মানুষ কিন্তু এই অসুরের মুখে সন্দীপ ঘোষের প্রতিচ্ছবিই দেখছেন।
এক দর্শনার্থী এই অসুর সম্পর্কে বলেন, “এখানে যেমন পশুর বধ হচ্ছে সেই রকমই ছবি আমরা দেখতে চাই। তিলোত্তমার দোষীরা সাজা পাবে”। অন্যদিকে, এই পুজো উদ্যোক্তাদের বক্তব্য, “এবার আমাদের ৭৮ তম বর্ষ। বৈচিত্রের মধ্যে ঐক্য। প্রতিমাগুলিকে বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রতিবছর মা দুর্গার আলাদা-আলাদা ধরনের অসুর তৈরির চেষ্টা করি। তবে সন্দীপ ঘোষকে অসুর বানাবো এই ধরনের চিন্তাভাবনা আমরা করিনি। আর করিও না। নারীদের সম্মানহানি হচ্ছে এটা আলাদা ব্যাপার। কিন্তু প্রতিমার মধ্যে এই চিন্তাভাবনা করিনি”।
বলে রাখি, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই বিক্ষোভের মুখে পড়েছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রথমে আর জি করের আর্থিক দুর্নীতি ও পরবর্তীতে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সকলেই দাবী করেছেন, তাঁর কঠোর শাস্তি চাই। তাঁকে অসুরের চোখেই যেন দেখছেন মানুষ। আর এবার তাঁর মুখ মিলে গেল অসুরের মুখের সঙ্গেই!





