চলছে দেদার ছাপ্পা ভোট! ভোটে কারচুপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সরব বিজেপি-বামেরা, উত্তপ্ত ভাটপাড়া

আজ, রবিবার একদিকে যেমন পাহাড়ে চলছে জিটিএ নির্বাচন, তেমনই আবার রয়েছে ৬টি পুরওয়ার্ডে উপনির্বাচনও। দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ড, ঝালদার ২ নম্বর ওয়ার্ড ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে চলছে উপনির্বাচন।

মাস তিনক আগের পুরভোটে, কংগ্রেস প্রার্থী তপন কান্দু ১২৭ ভোটে হারান তৃণমূল প্রার্থী, সম্পর্কে তাঁর ভাইপো দীপক কান্দুকে। আর এবার তপনের ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই আরেক ভাইপো মিঠুন কান্দু। তাঁকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের হয়ে লড়ছেন জগন্নাথ রজক। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস।

দমদম পুরসভার ৪ নং ওয়ার্ডে রয়েছে উপ পুরনির্বাচন। গত পুর নির্বাচনের ভোট গ্রহণের আগে মৃত্যু হয় ওই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দীপেন মজুমদার। এরফলে ভোট গ্রহণ স্থগিত ছিল। সেই কারণেই ওই ওয়ার্ডে ভোট। এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তাপস রায়, সিপিআইএম প্রার্থী শান্তনু বর্মন, বিজেপি প্রার্থী ভাস্কর রায় বর্মন, কংগ্রেস প্রার্থী সোমনাথ চক্রবর্তী।

তবে এদিন ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ড থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি ও সিপিএম এজেন্টরা অভিযোগ করেছেন যে সেই ওয়ার্ডের ভোটে চলছে কারচুপি। এদিন ভোট শুরু হওয়ার প্রথম থেকেই নাকি ছাপ্পা ভোট শুরু করেছে তৃণমূল।

অভিযোগ, তৃণমূল কর্মী ও দলের প্রার্থীরা ছাপ্পা ভোট করাচ্ছে। ভোটার কার্ড ছাড়াই ভোট হচ্ছে, এমন অভিযোগ করেন বিরোধীরা। কিন্তু প্রশ্ন উঠছে যে শাসকদলের এমন উন্নয়ন সত্ত্বেও কেন ভোটে কারচুপি করতে হচ্ছে তাদের। তৃণমূলের তরফে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে।

RELATED Articles