গত বছরের ন্যায় এই বছরও সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর করছে বিজেপি। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতিও। তবে একুশের বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর এবার দুর্গাপুজোর আড়ম্বর কমেছে বিজেপির। পুজো হবে ছোটো করেই। হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানও, এমনই জানা গিয়েছে বিজেপি সূত্রে।
গতকাল, রবিবার দুর্গাপুজো করা নিয়ে রাজ্য বিজেপি দফতরে বৈঠক করেন রাজ্যস্তরের নেতারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত-সহ অন্যান্য রাজ্যস্তরের নেতারা। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে দুর্গাপুজো ছোটো করেই করা হবে।
দুর্গাপুজো প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “দল কোনও পুজো করে না। দলের সমর্থক, শুভানুধ্যায়ীরা মিলে সাধারণত পুজো করে থাকে। যেহেতু করোনা পরিস্থিতি চলছে ও দলের অনেক কর্মী ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত, তাই এবারে ছোটো করে পুজোর আয়োজন হবে”।
উল্লেখ্য, গত বছর ইজেডসিসিতে খুবই ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। একুশের বিধানসভা ভোটের আগে ভারচুয়ালি এই পুজোর উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছরপুজোর মূল উদ্যোক্তা ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়।
কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে বেশ অনেকদিনই আর কলকাতামুখো হন নি কৈলাস বিজয়বর্গীয়। এদিকে মুকুল রায়ও এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে এবারে পুজোর দায়িত্ব কার হাতে যায়, এখন সেটাই দেখার।





