বেজে গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা। গত সপ্তাহে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর গতকাল, শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু এবার এরই মধ্যে ফের বড় বিপদে পড়লেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানই শেষমেশ দলের জন্য ডেকে আনল বিপদ। নির্বাচনের আগে এই ধরণের ঘটনায় স্বভাবতই অস্বস্তি বেড়েছে দলের অন্দরে।
বর্তমান রাজ্য রাজনীতিতে তৃণমূলের পক্ষে এই ‘খেলা হবে’ স্লোগানটি বেশ গুরুত্ব রাখে। তৃণমূল যুব নেতা ও বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গলায় এই স্লোগান রীতিমতো হুমকির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক দলের একাংশ। বিজেপির পক্ষ থেকে এই স্লোগানের বিরোধিতা করা হয়েছে। এমনকি, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছে গেরুয়া দল।
আরও পড়ুন- নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার পরই দলবদল, ফের বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা
বলে রাখি, কিছুদিন আগেই এই ‘খেলা হবে’ স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানাও হয় বিজেপির পক্ষ থেকে। সেই অনুযায়ীই কাজ করল পদ্ম শিবির। অভিযোগ পত্রে বলা হয়েছে যে এই ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বুথ দখল করে অশান্তি ছড়ানোর পরিকল্পনা চালানো হচ্ছে শাসকদলের পক্ষ থেকে।
আরও পড়ুন- আব্বাস সিদ্দিকীর নামে চটলেন মমতা! ভোটে ‘ফ্যাক্টর’ হচ্ছে আইএসএফ! মানছেন তৃণমূল সুপ্রিমো
উল্লেখ্য, এই ‘খেলা হবে’ স্লোগান রীতিমতো সাড়া ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ভোটের মরসুমে এই স্লোগান এখন হিট বলা যেতে পারে। বিভিন্ন জায়গায় সভা-সমিতি করে তৃণমূলের নেতারা এই স্লোগান দিচ্ছেন। কিন্তু এই স্লোগানকে সামনে রেখে নেতিবাচক কার্যকলাপ ভোটের সময় একেবারেই সহনীয় নয়। এই কারণেই বিজেপির পক্ষ থেকে এই স্লোগানের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে। ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে এই ধরণের অভিযোগে বেশ চাপের মুখে তৃণমূল।





