রবিবারের দুপুরে বড় বিস্ফোরণ কাঁচরাপাড়ায়। মধু ব্যবসায়ীর গোডাউন লক্ষ্য করে পরপর বোমাবাজি। বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। এই বিস্ফোরণের জেরে হাত উড়ল দু’জনের। এমন ঘটনায় প্রবল আতঙ্কে এলাকাবাসী।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়া মণ্ডলপাড়া এলাকায়। এদিন রবিবাসরীয় দুপুরে এই এলাকার অনেকেই বাড়ির বাইরেই ছিলেন। কেউ বা শীতের মধ্যে রোদ পোহাচ্ছিলেন, তো কেউ আবার নিজের কাজ করছিলেন। আচমকাই এক বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। একবার নয়, পরপর তিনবার। ছুটে ঘরের ভেতর ঢুকে পড়েন বাসিন্দারা।
কিছুক্ষণ পর যখন বাইরে বের হন, তখন বাইরের দৃশ্য দেখে থমকে যান সকলে। দেখেন রাস্তায় ভর্তি রক্ত। আর দু’জন গুরুতর আহত অবস্থায় পড়ে থেকে কাতরাচ্ছেন। বিস্ফোরণের এমন তীব্রতায় উড়ে গিয়েছে দুই ব্যক্তির হাত। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এমন ঘটনায় আতঙ্কিত গোটা এলাকাবাসী। তারা জানান, দুষ্কৃতীরা টোটোতে চেপে আসে। এরপর ব্যবসায়ী মধু রায়ের গোডাউন লক্ষ্য করে বোমা ফেলে পালায়। ওই গোডাউন মালিকের মেয়ে জানান, তিনি সেই সময় বাড়ির গেটের সামনে অসুস্থ মাকে ওষুধ খাওয়াচ্ছিলেন। সেই সময় এক বিকট শব্দ হতেই বাড়ি ঢুকে পড়েন তিনি। তাদের গোডাউনে কাজ করা দুই কর্মী আহত হয়েছেন এই ঘটনায়।
এই বোমাবাজির খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। কারা মধুবাবুর গোডাউনে বোমা ছুড়ল তা খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ। ঘটনাস্থলে আপাতত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে।
এই ঘটনার পর ঘটনাস্থলে যান ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার। এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং বলেছেন, “আমিও গোটা বিষয়টি শুনেছি। পুলিশ সবটাই দেখছে। দ্রুত দোষীরা ধরা পড়বে”।





