BREAKING: শুধুমাত্র স্পর্শকাতর এলাকাই নয়, পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য ও নির্বাচন কমিশনের

পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর ৭ জেলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়েরই কিছু অংশ পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানায় রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল যে রাজ্যের যে জেলাগুলিকে নির্বাচন কমিশন স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে, সেই জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

আদালতের এই রায় নিয়েই আপত্তি ছিল নির্বাচন কমিশনের। আদালতের এই নির্দেশ মান্য করেনি তারা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের কোন জেলাগুলি স্পর্শকাতর, তা এখনও মূল্যায়ন করে নি তারা। আর তা শুনেই নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বলেন, “তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভালো হবে”?

এবার সেটাই করল হাইকোর্ট। আজ, বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে আর শুধুমাত্র স্পর্শকাতর এলাকা নয়, এবার গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে ভোট। আর হাইকোর্টের এমন নির্দেশে বড় ধাক্কা খেল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দেন, এই রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার বাংলার সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এ ব্যাপারে জেলাগুলির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শুরুর দিন থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে নানান অশান্তির খবর উঠে এসেছে। গত দু’দিন ধরে ভাঙড়ের পরিস্থিতি চরমে উঠেছে। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে। এমন অবস্থায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আজ, বৃহস্পতিবারও চোপড়াতে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

এদিনের রায়ে বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন রাখেন, চারিদিকে এমন অশান্তির ঘটনার পর রাজ্য পুলিশ কী করছে? এই ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন কী করছে? এই অশান্তির দায় কে নেবে? তিনি এও প্রশ্ন করেন, কেন আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নি নির্বাচন কমিশন? এরপরই পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

RELATED Articles