ভবানী ভবনে অপেক্ষারত সিবিআই, অন্যপথে শাহজাহানকে নিয়ে এসএসকেএমে গেল সিআইডি, সন্দেশখালির ‘বাঘ’ উডবার্ন ওয়ার্ডের নতুন অতিথি?

সন্দেশখালির ‘বাঘ’কে সিবিআইয়ের খাঁচায় বন্দী করা নিয়ে চলেছে তুমুল টানাপড়েন। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যে শেখ শাহজাহানকে আজ, বুধবার দুপুর সওয়া চারটের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। কিন্তু তা না করে শাহজাহানকে নিয়ে এসএসকেএমে চলে গেল সিআইডি।

শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে পুরনো রায়ই বহাল রেখেছিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছিল, আজ, বুধবার বিকেল সওয়া চারটের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে শাহজাহানকে। সেই অনুযায়ী ভবানী ভবনে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও হস্তান্তর করা হয়নি শাহজাহানকে।

জানা যায়, এরই মাঝে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শাহজাহানকে নিয়ে অন্য পথ দিয়ে এসএসকেএমে চলে যায় সিআইডি। তা জেনে বেজায় ক্ষুব্ধ ইডি।  ফের হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ফের বিচারপতিদের এজলাসে বসার অনুরোধ করেন ইডির আইনজীবী।

এই একই ঘটনা ঘটেছিল গতকাল, মঙ্গলবারও। এদিনই কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। গতকালও ভবানী ভবনে গিয়ে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করার পরও শাহজাহানকে হাতে পান নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পরে তাদের জানানো হয় যে রাজ্য সরকার সুপিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

তবে আজ সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এই বিষয়ে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। রাজ্যের হাইকোর্টেই এই আবেদন করতে হবে। এরই মধ্যে ইডি ফের হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ জানায় যে রাজ্য পুলিশ শাহজাহানকে হস্তান্তরের বিষয়ে অসহযোগিতা করছে। এর ফলে ডেডলাইন বেঁধে দেয় আদালত।

কিন্তু ফের সেই আদালত অবমাননা রাজ্য পুলিশের। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যখন ভবানী ভবনে অপেক্ষা করছেন, সেই সময় পিছনের পথ দিয়ে শাহজাহানকে নিয়ে এসএসকেএমে চলে যায় সিআইডি। জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন এসএসকেএমে শাহজাহানের শারীরিক পরীক্ষার অপর তাঁকে আদৌ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে কী না, তা অবশ্য জানা যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles