কেষ্ট বনাম কাজল! দুই তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে হাতাহাতি, চলল বোমাবাজিও, ফের বীরভূমে প্রকট তৃণমূলের গোষ্ঠীকোন্দল

গত মঙ্গলবারই বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। জেলার কোর কমিটিকে নতুন করে সাজানো হয়েছে। সেই কমিটিতে জায়গা মেলেনি অনুব্রত মণ্ডলের বিপক্ষ তৃণমূল নেতা কাজল শেখের। আর এরপরই বীরভূম থেকে ফের উঠে এল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের অনুগামী ও কাজল শেখের অনুগামীদের মধ্যে বাঁধল সংঘর্ষ। হাতাহাতি চলে দু’পক্ষের মধ্যে। এমনকি, বোমাবাজিও হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় উত্তপ্ত হল গোটা এলাকা। বীরভূমের বোলপুর থানা এলাকার নিহিনা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অনুগামীরাই আহত হয়েছে বলে খবর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বুধবার রাতের এই ঘটনার কারণে গোটা এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ।

দুই পক্ষের অনুগামীরাই এই ঘটনায় একে অপরকে দুষছে। একদলের দাবী, “যারা মেরেছে, তারা আগে বামফ্রন্ট করত। তারপর বিজেপিও করেছে। আর এখন তৃণমূল করছে। বোলপুর এলাকা থেকে তৃণমূল করে ওরা। কোর কমিটি থেকে কাজল শেখকে সরিয়ে দিয়েছে বলে, এখন ক্ষমতা পেয়ে আমাদের উপর হামলা করেছে”। তাদের বাড়ি লক্ষ্য করে দু-তিনটি বোমাও ছোঁড়া হয়েছে বলে অভিযোগ তাদের।

আবার অন্যদিকে আরেক দলের দাবী, তারা বুধবার রাতে খেলা দেখে ফিরছিলেন। সেই সময় কিছু লোক তাদের উপর হামলা চালায়। তাদের অভিযোগ, যারা তাদের উপর হামলা করেছে, তারা কাজল শেখের অনুগামী। তারা বলেন, “ওরা কাজল শেখের টিএমসি করে”। আর যাদের উপর হামলা হয়েছে, তারা নিজেদের অনুব্রত মণ্ডলের অনুগামী বলে দাবী করেছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের বীরভূম জেলা নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles