Covid update : অসাবধান হলেই বিপদ, ফের ছড়াচ্ছে করোনা! বাংলায় ৩৭২ জন আক্রান্ত, নতুন উপসর্গে আতঙ্ক বাড়ছে রাজ্যে!

করোনা এবং লকডাউন যেতেই সবাই হাঁফ ছেড়ে বেঁচেছিল, সবাই মনে করেছিল করোনা বুঝি চিরতরে বিদায় নিয়েছে। কিন্তু বাস্তবটা আলাদা। ফের ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। দেশের বিভিন্ন প্রান্তে চোখে পড়ছে সংক্রমণের ঊর্ধ্বগতি। সাধারণ মানুষ যেমন ফের সতর্ক হচ্ছেন, তেমনই স্বাস্থ্য দপ্তরও নজরদারি বাড়াচ্ছে। প্রশ্ন উঠছে—এবার কি তবে ফের নতুন ঢেউ আসছে?

২ জুনের হিসেবে গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০২৬। একদিনে আক্রান্ত ৫১২ জন। এই পরিসংখ্যান আগের সপ্তাহের তুলনায় অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (MOHFW) রিপোর্ট বলছে, মাত্র এক সপ্তাহেই প্রায় ১২০০ শতাংশ হারে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। ২২ মে যেখানে মাত্র ২৫৭ জন সক্রিয় রোগী ছিলেন, ৩১ মে তা বেড়ে দাঁড়ায় ৩,৩৯৫-এ। অর্থাৎ সংক্রমণের হারের গতি যথেষ্ট উদ্বেগজনক।

রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সবথেকে খারাপ অবস্থা কেরলের। সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ১,৪৩৫। এরপরেই রয়েছে মহারাষ্ট্র (৪৮৩), দিল্লি (৪৮৩), গুজরাট (৩৩৮)। বাংলার পরিস্থিতিও উদ্বেগজনক। ৩৩১ জন চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে। গত ২৪ ঘণ্টায় বাংলায় ১ জনের মৃত্যু হয়েছে করোনায়। দিল্লিতেও একদিনে আক্রান্ত হয়েছেন ৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হয়েছেন বটে, তবে একইসঙ্গে ৪৪টি নতুন অ্যাক্টিভ কেস যোগ হয়েছে। রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২। এরমধ্যে ৪১ জন অ্যাক্টিভ রোগী। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ায় রাজ্য স্বাস্থ্য দপ্তরও সক্রিয় হয়েছে। করোনার নতুন ঢেউয়ে রাজ্যে প্রথম মৃত্যু রিপোর্ট করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে।

আরও পড়ুনঃ KMC : পরিদর্শনে গেলেই উধাও বেআইনি পার্কিং! বিজেপি-তৃণমূলের কাউন্সিলর যুদ্ধ ঘিরে পুর এলাকায় অস্বস্তি!

বিশেষজ্ঞদের মতে, এইবারের করোনা সংক্রমণের উপসর্গ কিছুটা ভিন্ন। গলা ব্যথা, গলা বসে যাওয়া, কণ্ঠস্বর পরিবর্তন—এগুলি প্রধান লক্ষণ। সঙ্গে থাকছে পেট ব্যথা, ডায়ারিয়া এবং হালকা জ্বর। অধিকাংশ রোগীই ডায়ারিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাই এই ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। বয়স্ক ও শিশুদের বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles