সিপিএম-এ ভাঙ্গন ধরাচ্ছে পদ্মের শিকড়! বিজেপিতে যাওয়ার ইঙ্গিত হলদিয়ার বিধায়কের

তৃণমূল শিবির যখন ভাঙ্গন অব্যাহত, তখনই ঘর ভাঙ্গা শুরু হল সিপিএমের‌ও।  ‌একে একে তৃণমূল থেকে বিজেপিতে পা বাড়াচ্ছে কর্মী থেকে নেতা। ২১-এর বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া হাওয়ায় ইতিমধ্যেই গা ভাসিয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক। এবার তৃণমূল নয়, সিপিএমের ঘরে হানা পদ্মের। যার জেরে দলে বিদ্রোহী হয়ে উঠলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল।

সূত্র জানাচ্ছে হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি-তে যোগ দিতে চলেছেন৷ মেদিনীপুরে অমিত শাহের সভা থেকেই গেরুয়া শিবিরে যোগদান করবেন তিনি৷ আর তা বুঝতে পেরেই দলীয় বিধায়ককে বহিষ্কার করেছে সিপিএম৷ তবে একা তাপসী মণ্ডল নয়, তমলুকের আরও এক সিপিআই বিধায়ক অশোক দিন্ডাও বিজেপি-তে যোগ দিতে পারেন বলে‌ও  খবর৷

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎই  তাপসী মণ্ডল বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে খবর৷ বিপদের কথা জানাজানি হতেই তাঁর বাড়িতে গিয়ে তাপসীদেবীকে বুঝিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সঙ্গে ছিলেন সিপিএমের জেলা এবং রাজ্যের একাধিক নেতা‌ও। কিন্তু চিঁড়ে ভিজলো না। শেষ পর্যন্ত আগামিকালই তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে সুত্রের খবর।

কি বলছেন দলত্যাগী তাপসী? তাঁর অবশ্য অভিযোগ, সিপিএমে থেকে মানুষের হয়ে কাজ করতে পারছিলেন না৷ তাই তিনি দল ছাড়ছেন৷ তাপসীর অভিযোগ, ‘যেদিন থেকে বিধায়ক হয়েছি, মানুষের হয়ে কাজ করতে পারছি না৷ এই দলের নেতৃত্বের অঙ্গুলি হেলনে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়৷ মানুষের হয়ে কাজ করতেই আমি দল ছাড়ছি৷’ সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি জানিয়েছেন, তাপসী মণ্ডলকে বহিষ্কার করেছে দল।

 

RELATED Articles