ফের গেরুয়া বাহিনীর মিছিলে লাল ঝাণ্ডা হাতে হাজির বামেরা, চরম অস্বস্তিতে সিপিএম, বাম-রাম আঁতাত কী তবে সত্যি?

ফের একবার বাম-রামের একজোট হওয়ার ছবি সামনে এল। তাও আবার সেই হুগলিতেই। বিজেপির প্রতিবাদ মিছিলে লাল ঝাণ্ডা হাতে হাজির হলেন বাম সমর্থকরা। মিশে গেল গেরুয়া-লাল। এই ঘটনাকে ঘিরে বেশ অস্বস্তিতে পড়েছে আলিমুদ্দিন।

সম্প্রতি পোলবার দাদপুরে বিজেপির মিছিলে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল বামেদের। সেই ঘটনা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক হয়। এবার গতকাল, বুধবার ফের একবার সেই পোলবার সুগন্ধায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে মিছিল করে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার কথা ছিল বিজেপির। আর বিজেপির সেই মিছিলেই ফের একবার লাল ঝান্ডা হাতে হাঁটতে দেখা গেল সিপিএম কর্মীদের। তা নিয়ে ফের নতুন করে বেশ অস্বস্তিতে পড়েছে সিপিএম শীর্ষ নেতৃত্ব।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা সুশান্ত নায়েক বলেন, “সিপিএম কিছুই করেনি। তাই দাবী আদায়ের জন‌্য বিজেপির সঙ্গে এসেছি। আবাস যোজনার ঘর পাইনি”।

অন্যদিকে আবার, বিজেপি বেশ খোলাখুলি ভাবেই সিপিএম কর্মীদের স্বাগত জানিয়েছে। বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, “বাম জমানায় সাধারণ সিপিএম কর্মীদের অনেকে কোনওরকম সুযোগ-সুবিধা পাননি। তাই বাধ্য হয়ে আজ তারা নিজেদের প্রাপ্য আদায়ের জন্য বিজেপির মিছিলে সামিল হয়েছেন”।

এদিকে অস্বস্তি এড়াতে সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষের সাফাই দিয়ে বলেন, “বিজেপির কিছু ছেলে রাস্তা থেকে সিপিএমের ঝান্ডা খুলে কিছু লোকের হাতে ধরিয়ে দিয়েছে”।

সম্প্রতি দিঘায় পার্টির সমাবেশে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বিজেপির মূল্যায়ন করে বলেছিলেন যে সব বিজেপিই দাঙ্গাবাজ নয়। বিজেপি করেন এমন ভালো লোকজনও রয়েছে। বিজেপিকে নিয়ে সিপিএম নেতার এহেন মন্তব্যকে ‘দ্বিমুখী নীতি’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।  

তিনি বলেছিলেন, “তাঁর দলের উপর কোনও নিয়ন্ত্রণ নেই সূর্যবাবুর। ওঁর পার্টির নীতিটাই হল দু’মুখো। বামেদের ভোট কমেছে বলেই তো বিজেপির ভোট বেড়েছে। কোথাও আবার বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছে বামেরা”।

অন্যদিকে আবার কিছুদিন আগেই প্রকাশ্য সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হিন্দু বামপন্থীরা তাঁকে ভোট দিয়েছিলেন বলেই তিনি নন্দীগ্রামে জিতেছেন। ফলে বারংবার বিজেপি ও সিপিএম নেতাদের এহেন মন্তব্যের কারণে বাম-রাম আঁতাত রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

RELATED Articles