ভোটে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। এই কারণে ফলাফলের পরই ফের তৃণমূল ছেড়ে আসা নেতারা বেসুরো হতে শুরু করেছেন। কেউ কেউ বিজেপি ছেড়েছেন। কেউ কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তাঁর ‘আঁচলের তলায়’ আশ্রয় খুঁজছেন। এহেন পরিস্থিতিতে তরুণ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের একটি পোস্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে তাঁর সেই পোস্টটি।
আরও পড়ুন- আলোচনা না করেই সোনালিদের মতো তৃণমূলত্যাগীদের দলে নিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব, অভিযোগ রাজ্য বিজেপির
বিধানসভা ভোটের আগে দেবাংশু ভট্টাচার্য ‘খেলা হবে’ স্লোগান তৈরি করেন। তাঁর সেই স্লোগান গোটা রাজ্যে শোরগোল তৈরি করেছিল। দেবাংশু নিজেও অনেকসময়ে সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত এবং তৃণমূল নেত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়েই তাঁর এই ভোটের ময়দানে নেমে প্রচার করা।
ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে সব দলবদল করা নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন দেবাংশু। ভোটের পর সেই নেতারাই যখন আবার বেসুরো গান গেয়ে দলে ফেরার ইচ্ছাপ্রকাশ করছেন, তখন আর চুপ করে থাকতে পারলেন না বালির এই তরুণ তৃণমূল নেতা।
দলবদল নেতাদের জন্য একটি স্বীকারোক্তি ফর্ম তৈরি করে ফেলেছেন দেবাংশু। সেই ফর্মে নিজের নাম, বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র লেখার জায়গা আছে। ঠিক তেমনই আবার তারা কী কারণে বেসুরো হয়েছিলেন বা আবার কী কারণেই বা সুরে ফিরতে চাইছেন, তারও বিভিন্ন অপশন দিয়ে জানতে চাওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁরা নিজেদেরকে ধান্দাবাজ মনে করেন কী না, তাও জানতে চাওয়া হয়েছে এই স্বীকারোক্তি ফর্মে। আর এসবের মধ্যে দিয়ে ফের একবার দেবাংশু সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। অনেকেই তাঁর এই ভাবনা তারিফ করে নানান মন্তব্যও করেছেন।
https://twitter.com/ItsYourDev/status/1396027862348488705
প্রসঙ্গত, এই বিধানসভা নির্বাচনে দেবাংশুর তৈরি স্লোগান ‘খেলা হবে’ স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নানান জায়গায় প্রচারে গিয়ে একাধিকবার উচ্চারণ করেছিলেন। দলের নানান নেতাদের গলাতেও ছিল এই স্লোগান। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, এই স্লোগান ঘুরছিল আমজনতার মুখে মুখেও।





