ঠাকুর বোঝাতে এসো না, বাংলায় হিন্দু-মুসলিমের রাজনীতি করে কতদিন ভোট চাইবেন? বিজেপিকে আক্রমণ অভিনেতা দেবের

তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তো বটেই, সেইসঙ্গে জনপ্রিয় রাজনৈতিক নেতাও। তিনি টলিউডের হার্টথ্রব ও ঘাটালের দু-বারের নির্বাচিত সাংসদ দীপক অধিকারী। যাকে গোটা বাংলা চেনে দেব নামে। যেকোন‌ও সময়‌ই মানুষের পাশে থেকে কাজ করে যান তিনি। এক কথায় রিল হিরো থেকে রিয়েল লাইফের হিরো হয়ে উঠেছেন দেব।

আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে ব্যস্ত তিনি। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের প্রচারে। বুধবার দেবের ডেস্টিনেশন ছিল দাঁতন ও চন্দ্রকোণা। এদিন দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান ও চন্দ্রকোণার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়ার হয়ে প্রচার চালালেন দেব।

আর‌ও পড়ুন-মোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা

অসহ্য গরমে‌ও অভিনেতার বক্তৃতা শুনতে চড়া রোদ উপেক্ষা করে কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। নীল রঙা চেক টি-শার্ট আর জিনসে এদিন দেখা মিলল দেবের। চেনা ভঙ্গীতে দেব বললেন, ‘যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু যে কাজ করেছে তাকে ভোট দিন। কারণ আজকের মানুষের হাতে হাতে স্মার্টফোন, সকলে ভীষণ স্মার্ট। আর মেদিনীপুরের মানুষ তো এমনিতেই বুদ্ধিমান’।

 
এরপরই অভিযোগের সুরে বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। ঘাটালের সাংসদের কথায়, ‘দিল্লি থেকে কিছু লোক এসেছে, তাঁরা বলছে মমতা বেগম হয়ে গেছে। আমাকে বলুন নির্বাচনটা কি মন্দির-মসজিদ নিয়ে নাকি গরীব মানুষকে নিয়ে? নির্বাচন হিন্দু মানুষ কজন আছে, মুসলিম মানুষ ক’জন আছে সেই নিয়ে নাকি গরীব মানুষের হয়ে কে কাজ করবে সেই নিয়ে? …. আমিও রামভক্ত এমন কিছু নয়। আমরা বাঙালিরা..আমরা বলি আমাদের ১২ মাসে ১৩ পার্বন। আমাদের এখানে যত ঠাকুরের পুজো হয়, পৃথিবীর কোথাউ হয় না। আমাদেরকে হিন্দুত্ব শেখাতে এসো না। আমাদেরকে ঠাকুর বোঝাতে এসো না। বাংলায় হিন্দু-মুসলিমের রাজনীতি করে কতদিন ভোট চাইবেন?’
 
বর্তমানে বঙ্গ নির্বাচনে, যোগী আদিত্যনাথ বেশ তোড়জোড় নিয়ে নেমেছেন, এদিন যোগীর বাংলা নিয়ে মন্তব্যেরও কড়া জবাব দেন দেব। নাম না করেই দেব বলেন, যে রাজ্যে এফআইআর দায়ের করতে গেলে মেয়ের বাবা-মায়ের দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়, তাঁরা আমার রাজ্যের নারী সুরক্ষা নিয়ে কথা বলছে, এটা ভেবেও আমার ঘেন্না হয়। 

RELATED Articles