‘যারা আপনাদের টাকা লুঠ করছে, তারাই আপনাদের বাড়ি যাচ্ছে সমস্যার কথা জানতে’, ‘দিদির দূত’দের নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

নানান জায়গায় ‘দিদির সুরক্ষাকবচ’ (Didir Suraksha Kawaj) কর্মসূচিতে গিয়ে আমজনতার বিক্ষোভের মুখে পড়ছে ‘দিদির দূত’রা। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবী, বিজেপির (BJPD) উপর ভরসা করে ভয় কাটছে সাধারণ মানুষের। সেই কারণেই আস্তে আস্তে ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে। তিনি এও বলেন যে আগামীদিনেও এমন অনেক বিক্ষোভ হবে।  

নানান জেলায় ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী রায়, দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষরা। এই বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা মানুষকে বলেছি, আপনার বাড়ির টাকা, বাড়ির শৌচালয়ের টাকা, আপনার জলের কলের টাকা লুঠ হয়ে গিয়েছে। কে করেছে? তারাই আপনার বাড়ির সামনে আসছে”।

মেদিনীপুরের সাংসদের দাবী, “মানুষ সবটাই জানত। কিন্তু এতদিন ধরে ভয়ে বলতে পারেনি। এবার বিজেপি ভরসা দেওয়ায় তারা এসব অভিযোগ তুলছে”। তিনি এও দাবী করেন যে আরও ক্ষোভ সামনে আসবে। দিলীপবাবুর কথায়, “এ ব্যাপারে সর্বোচ্চ স্তরে আলোচনা হওয়া উচিত”।

এদিকে আবার নানান কেন্দ্রীয় যোজনার বিষয়ে খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় টিম। সেই বিষয়কে সমর্থন করে দিলীপ ঘোষ দাবী করেন, এই রাজ্যে আবাস যোজনা থেকে শুরু করে সব কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। সেই টাকাতেই শাসক দলের নেতাদের সম্পত্তি নাকি রমরম করে বেড়েছে বলেও দাবী তাঁর। তাই তাঁর মতে, সব প্রকল্পের হিসেব কেন্দ্রের নেওয়া উচিত ।

বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল। এই কর্মসূচিতে নানান তৃণমূল জনপ্রতিনিধিরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনে তা শীর্ষ নেতৃত্বকে জানাবেন। সেই কাজ করতে গিয়েই বারবার জনসাধারণের বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতা-নেত্রীরা। আবাস যোজনা থেকে শুরু করে জল, নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট-সহ একাধিক সমস্যার কথা জানাচ্ছেন আমজনতা।

RELATED Articles