ভবানীপুরে প্রচারে গেলে দিলীপ ঘোষের উপর হামলা, ঘাড় ধাক্কা তৃণমূলের, বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ

যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ। ভবানীপুরে উপনির্বাচনের শেষ সময়ের প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সেখানেই তাঁকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। হেনস্থা করা হয় তাঁকে। দেওয়া হয় গো-ব্যাক স্লোগানও। এই হামলার জেরে এক বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলেও জানা গিয়েছে।

স্থানীয় তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষের বিরুদ্ধে টিকাকরণ কেন্দ্রে গিয়ে প্রচারের অভিযোগ আনেন। তাদের দাবী, দিলীপ ঘোষ নাকি প্রথমে এক তৃণমূল কর্মীকে ধাক্কা দেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিলীপ ঘোষকে ঘাড় ধাক্কা দেওয়া হয়। ওঠে গো-ব্যাক স্লোগানও। তৃণমূল কর্মীদের হামলাতেই এক বিজেপি কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবী, “দিলীপবাবু যখন প্রচারে গিয়েছেন, তৃণমূল ভয় পেয়েছে। ওরা জয় বাংলা স্লোগান দিক না, আমরা খোল-কর্তাল বাজিয়ে দেব। কিন্তু বিরোধী নেতা বলে এমন আক্রমণ। এটা কেমন সংস্কৃতি। মমতাকে ঘিরে কেউ জয় শ্রীরাম বলেন? অভিষেকের সঙ্গে সঙ্গে দেখা হলে জয় শ্রীরাম বলি আমরা। ভবানীপুরে গুন্ডা, তালিবানি গুন্ডা নামিয়েছে তৃণমূল। হয়ত বাংলাদেশ থেকেও আসতে পারে। এতে যাতে ভয় পেয়ে মানুষ ভোট না দিতে যায় সেই চেষ্টা করা হচ্ছে। আফগানিস্তান এর চেয়ে ভাল অবস্থায়। পুলিশ দলদাস হয়ে গিয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা উচিত ছিল পুলিশের। যথেষ্ট বয়স হয়েছে দিলীপবাবুর। তার উপর এমনন আক্রমণ। আজই দিল্লি রওনা হচ্ছি। এসব নিয়ে বলব। মানুষকে অনুরোধ করছি এই অপসংস্কৃতি শেষ করুন”।

আরও পড়ুন- স্লগ ওভারে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, ভবানীপুরে প্রিয়াঙ্কার হয়ে প্রচারে নামছেন গেরুয়া শিবিরের ৮০ জন নেতা

এর পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁর কথায় , “বিজেপি কে? খায় না মাথায় দেয়। ভবানীপুরে হার নিশ্চিত জেনে ভূমি তৈরি করছে। ওখানে বিজেপির কোনও সংগঠন নেই। ওদের পোলিং এজেন্টই নেই”।

এদিকে যদুবাবুর বাজারে সভা করতে যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তিনি সেখানে গেলেও তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে পারে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিজেপির সভাস্থলের কাছে তৃণমূল কর্মীরা ভিড় বাড়াচ্ছে।

RELATED Articles