ভোটের আবহে বাড়ছে আতঙ্ক, মুড়িমুড়কির মতো রাজ্যে উদ্ধার বোমা, মোদীর সফরের পরদিনই মিলল ৮টি তাজা বোমা

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যে যেন তত বেশি করে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। রাজ্যের নানান প্রান্ত থেকে মাঝেমধ্যেই উদ্ধার হচ্ছে বোমা। এবার বুধবার ফের উদ্ধার হল ৮টি তাজা বোমা। এই ঘটনা জানাজানি হতেই তুমুল আতঙ্ক ছড়ায় এলাকায়।

কোথায় উদ্ধার হল এতগুলো বোমা?   

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালারে। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার রাত থেকে কান্দরা ডাঙাপাড়া এলাকা থেকে মোট আটটি তাজা বোমা উদ্ধার হয়েছে। একটি বালতির মধ্যে রাখা ছিল সেই বোমাগুলি। স্থানীয়রাই প্রথমে এই বোমাগুলি দেখেন। তারা খবর দেন পুলিশ। এরপর বম্ব স্কোয়াডে খবর দেয় পুলিশ।

জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এই ঘটনাকে ঘিরে ছড়ায় উত্তেজনা। কে বা কারা এই বোমা রেখেছিল, তা এখনও জানা যায়নি। তবে তদন্ত চালাচ্ছে পুলিশ।   

তবে মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। এর আগেও কখনও সামশেরগঞ্জ, কখনও ডোমকলের রানিনগরে উদ্ধার হয়েছে তাজা বোমা। গত জানুয়ারি মাসেই মুর্শিদাবাদের রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকা থেকে একটি প্লাস্টিকের বালতি ভর্তি বোমা উদ্ধার হয়। 

এর আগে মুর্শিদাবাদের রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ এলাকার একটি বিয়ে বাড়িতে বোমা ফেটে জখম হন কয়েকজন। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে রাজ্যে। এর জেরে আতঙ্কে রাজ্যবাসী।

আরও অন্যান্য খবর