ফের দলবদল রাজ্য রাজনীতিতে। এবার বিজেপিতে যাচ্ছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। আজ, বুধবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন তিনি।
চলত মাসের ৫ই মার্চ তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এই নিয়ে গতকাল, মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক হয় দীনেশের। সেখানেই তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরপর এদিন রাতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দীনেশকে ফোন করে হেস্টিংসের দফতরে এসে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। জানা গিয়েছে, ফোনেই দিলীপকে সম্মতি জানান দীনেশ।
আরও পড়ুন- দ্বিতীয় দফা ভোটের ২৪ ঘণ্টা আগে বিজেপির অভিযোগে সরানো হল হলদিয়ার এসডিপিওকে
বিজেপিতে যোগদান করা নিয়ে দীনেশ বলেন, “আমরা ২০ বছর ধরে তৃণমূল করেছি। তখন দলটা দিদি চালাতেন। আর এখন দিদিকে অন্য কেউ চালায়। তাই তৃণমূল যেভাবে চলছিল, তাতে আমার পক্ষে দল করা সম্ভব হচ্ছিল না। তাই দল আগেই ছেড়ে দিয়েছিলাম। বিজেপিতে যোগ দিয়ে সব নতুন করে শুরু করব”। এদিকে তৃণমূলের দাবী, টিকিট না পাওয়ার জন্যই দল ছেড়েছেন দীনেশ। দলে দীনেশের কোনও গ্রহণযোগ্যতা ছিল না, উনি বিজেপিতে গেলে দলের কোনও ক্ষতি হবে না, এমনটাই জানিয়েছে তৃণমূল।
আরও পড়ুন- বিজেপি জিতলে ইনিই হবেন বঙ্গের মুখ্যমন্ত্রী! সাফ জানালেন দিলীপ ঘোষ
বলে রাখি, দীনেশের বাবা সত্যনারায়ণ বাজাজ ২০০১ সালে তৃণমূলের তরফে টিকিট পেয়ে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হন। এর ৫ বছর পর ২০০৬ সালে ওই কেন্দ্র থেকে মমতা টিকিট দেন দীনেশকে। সেবার ভোটে জিতে বিধায়ক হলেও ২০১১ সালের বিধানসভা ভোটে তাঁকে টিকিট দেননি মমতা। তবে তা সত্ত্বেও দল ছাড়েননি দীনেশ। এরপর ২০২০ সালের রাজ্যসভা ভোটে নির্দল প্রার্থী হন তিনি। তৃণমূল তাঁকে নিজেদের অতিরিক্ত ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়।





