কাল রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ আসনে নির্বাচন। নন্দীগ্রামে কাল মুখোমুখি হবেন মমতা, শুভেন্দু, মীনাক্ষী। আর তাই বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোটগ্রহণের আগে বেড়ে গেল শুভেন্দু অধিকারীর নিরাপত্তা।
বিজেপি নেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এর পরও তাঁকে ঘিরে থাকবে ৩০ মহিলা নিরাপত্তা রক্ষী। বুধ ও বৃহস্পতিবার শিশিরপুত্রের নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে ওই প্রমীলা বাহিনীকে।
আরও পড়ুন- অভিষেকের সভা শেষে বিজেপি কর্মীদের ওপর হামলা, মহিলাদেরও মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
উল্লেখ্য, বহুলচর্চিত কেন্দ্র নন্দীগ্রামে প্রচার করার সময়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। অনেক সময় তো মহিলারা ঝাঁটা, লাঠি, জুতো নিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এতে আতঙ্কিত শুভেন্দু অধিকারী। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মনে করে প্রশাসন এবার শুভেন্দু’র নিরাপত্তায় অতিরিক্ত ৩০জন মহিলা আধাসেনা মেতায়েন করা হয়েছে। আধাসামরিক বাহিনী সূত্রে এমনটাই খবর।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নন্দীগ্রামে সোনাচূড়া বাজারে শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাঁকে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভ দেখানো হয় নন্দীগ্রামের আরও কয়েকটি জায়গাতেও।
আরও পড়ুন- অশোক দিন্দা উপর হামলা তৃণমূলের, বিডিও অফিসে ঢুকে নিজেকে বাঁচালেন বিজেপি প্রার্থী
অন্যদিকে, নিরাপত্তা বাড়ানো হল বিজেপির ময়নার প্রার্থীর অশোক দিন্দারও। তাঁর জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।
জানা গেছে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে নুসরত জাহান রোড শো করছিলেন ময়নায়। সেখান থেকেই দিন্দাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর তৎপর হয়ে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ করেছে। মহিলাদলের সিআইকে বদলি করা হয়েছে। সরানো হয়েছে হলদিয়ার এসডিপিওকেও।
প্রসঙ্গত, আগামীকালই ময়নায় ভোট গ্রহন। দ্বিতীয় দফায় বাড়তি নজর থাকছে। কমিশন বেশি তৎপর দ্বিতীয় দফার ভোট নিয়ে। দুই মেদিনীপুরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।





