‘আমার কথাবার্তা আর কাজকর্মে এক শ্রেণী খুবই বিপদে পড়েছে’, কোনদিকে ইঙ্গিত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দুর্নীতি নিয়ে বারবার মন্তব্য করেছেন তিনি। দুর্নীতি নিয়ে আদালতেও বারবার নানান পর্যবেক্ষণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের বাইরেও তাঁর মন্তব্য বহু আলোচিত। সাধারণ মানুষের জন্য তিনি ভগবানস্বরূপ। তাঁর মন্তব্যের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ফের সংবাদমাধ্যমের সামনে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি।   

গতকাল, বুধবার বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত স্বামী বিবেকানন্দ মিলন মেলায় উপস্থিত ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই স্বামী বিবেকানন্দের জীবন-আদর্শের কথা বলেন তিনি। সমাজের বিচ্যুতি থেকে শুরু করে আরও নানান বিষয়ে আলোকপাত করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এও প্রশ্ন করেন, যে বাংলায় এত মনীষীদের জন্ম হয়েছে, সেই বাংলার বর্তমান সমাজে এত বিচ্যুতি কীভাবে হয়?

এদিন অনুষ্ঠান শেষেও নানান বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করে সংবাদমাধ্যম। দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকেই বারবার তাঁর কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, সেই প্রসঙ্গে কথা বলেন বিচারপতি। তাঁর কথায়, তিনি যে সকল কথাবার্তা বলছেন বা কাজকর্ম করছেন, তাতে এক শ্রেণীর মানুষ খুব বিপদে পড়েছে। সেই কারণেই তাঁকে বারবার চুপ করানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবী বিচারপতির।

কিছুদিন আগেই নেতাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নেতাদের এত সম্পত্তি কোথা থেকে আসে, তার উৎস কী, তা সাধারণ মানুষ জানতে চায় বলে প্রশ্ন রেখেছিলেন তিনি। বিচারপতি এও প্রশ্ন রেখেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি রয়েছে, তা কী তিনি হলফনামা পেশ করে সোশ্যাল মিডিয়ায় জানাতে পারবেন? এরপরই এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

এরই মধ্যে এবার গতকাল, বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শীর্ষ আদালতে আবেদন জানান, তাঁর সম্পর্কে আদাল ও আদালতের বাইরে বিচারপতি যে মন্তব্য করছেন, তা যেন কোনওভাবেই ইডি বা সিবিআইয়ের তদন্তে প্রভাব না ফেলে, সেই মর্মে যাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে এই বিষয় নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করতে চান নি।

RELATED Articles