সোমবার থেকে টানা তিন দিন ধরে কেন্দ্র-রাজ্য যে সংঘাত চলছিল তা কাটলো। আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নিয়ে সকালে রাজারহাট কোয়রান্টিন সেন্টার পরিদর্শনে গেলেন।
সোমবার রাজ্যের করোনা সংক্রামিত জেলাগুলোর পরিদর্শনে হঠাৎই এসে পৌঁছায় কেন্দ্রের দুটি প্রতিনিধি দল। যার মধ্যে একটি দল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ঘুরে দেখবেন আর ওপর দলটি রাজ্যের উত্তরের জেলাগুলোর দিকে যাবে। কিন্তু রাজ্যে তাদের এই হঠাৎ আগমনে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কেন্দ্র-রাজ্যের মধ্যে তীব্র চিঠির আদানপ্রদান চলতে থাকে। কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যের তরফের অসহযোগিতার কথা জানান কেন্দ্রকে। এরপরই ব্যবস্থা নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মহামারী আইন এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করে রাজ্যকে একটি চিঠি লিখে কেন্দ্রীয় দলকে সহযোগিতা করার অনুরোধ জানান। এরপরই বুধবার সব সংঘাতের অবসান হয় এবং বৃহস্পতিবার সকালেই কলকাতায় করোনা-পরিস্থিতি পরিদর্শনে রওনা দিল কেন্দ্রীয় দল। সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধিরাও। শুরুতেই তারা গেলেন রাজারহাট কোয়ারান্টাইন সেন্টার পরিদর্শনে। প্রায় সকাল ১০টা নাগাদ তারা সেখানে যান। সেখানকার সমস্ত ব্যবস্থা তারা খুঁটিয়ে দেখেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের সব নির্দেশিকা পালন হচ্ছে কিনা তাও দেখেন।
এর আগে কেন্দ্রীয় দল ৪ পাতার চিঠি দেয় এই নিয়ে। তাদের প্রশ্ন ,
১. করোনায় মৃত্যু কিনা কী পদ্ধতিতে ঠিক করছে অডিট কমিটি?
২. টেস্ট কি হচ্ছে পর্যাপ্ত?
৩. ব্যবহার হচ্ছে সব পরীক্ষাকেন্দ্র?
এছাড়া পূর্ব নির্ধারণ অনুযায়ী তারা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে গিয়ে প্রত্যকটি হটস্পট এলাকাগুলোর হালহকিকত দেখবেন সাথে কয়েকটি বাজারও রয়েছে তাদের তালিকায়।






