‘পুলিশ নিশ্চয় কিছু ভুল করেছে, নাহলে মানুষের ক্ষোভ এত বাড়ত না…’, পুলিশের খামতি ধরলেন প্রাক্তন আইপিএস তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা রাজ্য। দিকে দিকে চলছে প্রতিবাদ-আন্দোলন। ন্যায় বিচারের দাবী তুলে পথে নেমেছেন সাধারণ মানুষ। সকলের দাবী একটাই নির্যাতিতার বিচার চাই। এরই মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন আইপিএস তৃণমূল বিধায়ক।

আর জি করের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের নানান কার্যকলাপে ক্ষুব্ধ চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। সেই রেশ টেনেই এবার প্রাক্তন আইপিএস তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মন্তব্য করলেন, পুলিশের ভুল নিশ্চয় রয়েছে, তা না হলে সাধারণ মানুষের ক্ষোভ এভাবে বাড়ত না।  

অবসরপ্রাপ্ত আইপিএসের কথায়, “তদন্ত নিয়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে, পুলিশের কিছু ভুল নিশ্চয়ই রয়েছে। ভুল না করলে মানুষের এত ক্ষোভ বাড়ত না”।

হুমায়ুন কবীর বলেন, “১৪ অগস্ট একটা ঘটনা ঘটেছে। এটাও দেখার যে, হাসপাতালের ডেপুটি সুপার বাড়িতে ফোন করে প্রথমে জানালেন অসুস্থ। পরে বললেন আত্মহত্যা করেছেন। তারপর এসে দেখছেন যৌন নিগ্রহ এবং খুন হয়েছে। এটা ঘাড়ে চেপে যাচ্ছে কিন্তু পুলিশের। পুলিশ যেহেতু ইউনিফর্ম পরে থাকে, পুলিশ যেহেতু তদন্ত করেছে। সব দোষ পুলিশের ঘাড়েই চেপে গিয়েছে। আমার মনে হয় অনেক ভালো তদন্ত হতে পারত”।

তবে এরই সঙ্গে আবার কলকাতা পুলিশের সুখ্যাতিও করেছেন প্রাক্তন আইপিএস। তিনি এও বলেন, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে দক্ষ আধিকারিক রয়েছেন। এই ধরণের মামলার ক্ষেত্রে সিবিআইয়ের থেকেও কলকাতা পুলিশকে এগিয়ে রাখেন হুমায়ুন কবীর। ২৪ দিন হয়ে গেল, তাও এখনও তদন্তকারীরা তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নীরব। হুমায়ুনের কথায়, কলকাতা পুলিশ তদন্ত করলে এমনটা হত না।

আরও পড়ুনঃ ‘টাচ’ করলে বা যৌন প্রস্তাব দিলেও দায়ের করা যায় এফআইআর! যৌন হেনস্থা হলে মহিলাদের কি করণীয়, জেনে নিন বিশদে!

বলে রাখি, আর জি কাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই নানান আন্দোলন-বিক্ষোভ হচ্ছে। পুলিশ তো বটেই, প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। এমন আবহে কিছুদিন আগেই ফিরহাদ হাকিম দলের নেতা-কর্মীদের সতর্ক করেছিলেন যাতে এই স্পর্শকাতর বিষয়ে কোনও মন্তব্য না করা হয়। তবে তা সত্ত্বেও ডেবরার তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে যে শাসক শিবির বেশ অস্বস্তিতে পড়বে, তা বলাই বাহুল্য।  

RELATED Articles