টাকা-সোনার কমতি নেই রাজ্যে! হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় দেড় কোটি টাকার সোনার গয়না, আটক যাত্রী

রাজ্যে থেকে যেন টাকা, সোনা উদ্ধার হওয়া এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগেও রাজ্যের নানান জায়গা থেকে থরে থরে টাকা উদ্ধার হওয়ার খবর সামনে এসেছে। এবার হাওড়া স্টেশন থেকে কিলো কিলো সোনা উদ্ধারের খবর মিলল। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ধৃত ব্যক্তির নাম বিভাস আদক। হাওড়ার জয়পুরের দক্ষিণ খালনার বাসিন্দা ওই ব্যক্তি। হাওড়ার ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে আটক করা হয়েছে তাঁকে। তিনি জানান যে তিনি চম্বল এক্সপ্রেস ধরে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ স্টেশনে যাচ্ছিলেন। জানা গিয়েছে, প্ল্যাটফর্মে আরপিএফ দেখে ধরা পড়ে যাওয়ার ভয়ে সঙ্গে থাকা ব্যাগ আঁকড়ে উল্টোদিকে হাঁটতে থাকেন ওই ব্যক্তি। তা দেখে সন্দেহ হয় আরপিএফ জওয়ানদের।

এরপরই বিভাসকে আটকে রেখে তল্লাশি শুরু করেন তারা। বিভাসের ব্যাগের মধ্যে বেশ ভারী ওজনের কয়েকটি প্যাকেট ছিল। সেই প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। সেই প্যাকেটগুলিতে ছিল নতুন সব সোনার গয়না। কানের ঝুমকো থেকে শুরু করে, রিস্টলেট, সোনার চেন, জড়োয়া ও আরও নানান সোনার গয়না ছিল তাতে।

সোনা মাপার যন্ত্র এনে সেই গয়না ওজন করা হয়। দেখা যায়, সব মিলিয়ে ২ কিলো ৬৮০ গ্রাম সোনা রয়েছে তাতে। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকা। তবে এই সোনার কোনও তথ্য দিতে পারেন নি ওই ব্যক্তি। সোনা-সহ বিভাসকে তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে।

পূর্ব রেলের আরপিএফ আইজি পরমশিব জানাচ্ছেন, যাত্রী সম্পত্তি রক্ষা ও আসন্ন নির্বাচনের কারণে সমস্ত বড় বড় স্টেশনগুলিতে নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। তল্লাশি চালানোর সময়ই আরপিএফের অপরাধ দমন শাখার কর্মীরা তথ্যবিহীন এই সোনার গয়না উদ্ধার করেন।

RELATED Articles