সকাল সকাল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ি, বন্ধ ট্রেন চলাচল, প্রবল সমস্যার মুখে যাত্রীরা

ফের সকাল সকাল রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি। ফলত, বন্ধ ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়িটিকে সরানোর কাজ চললেও সকালে কাজে বেরিয়েই প্রবল দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের।

কোথায় ঘটেছে দুর্ঘটনা?

আজ, শনিবার ভোরে হাওড়া-খড়গপুর শাখায় পশ্চিম মেদিনীপুরের নন্দাইগাজন স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। এর জেরে আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। পাঁশকুড়া-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক লোকাল ট্রেন। এমন ঘটনায় প্রবল ভোগান্তি যাত্রীদের।

প্রসঙ্গত, কলকাতার সঙ্গে খড়্গপুর-হাওড়া লাইন দিয়ে তমলুক, মেচেদা-সহ নানান জায়গার রেল যোগাযোগ রয়েছে। প্রতিদিন এই লাইন দিয়ে ট্রেনে সফর করেন বহু যাত্রী। সকাল সকাল এমন দুর্ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের।

শুধু তাই নয়, এই খড়্গপুর-হাওড়া শাখা দিয়েই দক্ষিণের রাজ্যগুলির সঙ্গে সংযোগকারী অনেক দূরপাল্লার ট্রেনও যায়। কিন্তু এই লাইনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে একটি লাইন আপাতত বন্ধ রাখা হয়েছে। এর জেরে  নানান দূরপাল্লার ট্রেন যাত্রীরাও সমস্যায় পড়েছেন।

লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই সেখানে ছোটেন রেল আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় লাইন থেকে মালগাড়িটি সরানোর কাজ চলছে। তবে চারিদিকে ঘন কুয়াশার জেরে কাজে দেরি হচ্ছে। কতক্ষণের মধ্যে আদৌ পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি।

RELATED Articles