‘এ রাজ্যে শাসকের আইন চলে, সরকারি আধিকারিকরা সাংবিধানিক মর্যাদা ভুলে গিয়েছেন’, ভোটার্স ডে-তে বিধানসভায় দাঁড়িয়েই ফের রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল

জাতীয় ভোটার দিবসে বিধানসভায় দাঁড়িয়ে ফের একবার রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ, মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি ভোট পরবর্তী হিংসা থেকে বিলে সই, উপাচার্য নিয়োগ থেকে শুরু করে মা ক্যান্টিন সমস্ত বিষয়ে তিনি রাজ্য সরকারকে আক্রমণ করেন।

এর পাশাপাশি তিনি এদিন বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধেও সরব হন। তাঁর কথায়, তিনি কোনও বিল আটকে রাখেন নি। প্রত্যেক বিষয়ে তিনি প্রশ্ন করেছেন কিন্তু কোনও জবাব পাননি। এদিন রাজ্যপাল যখন বিধানসভায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, সেই সময়ই তাৎপর্যপূর্ণভাবে তাঁর ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন শুরুতেই জগদীপ ধনখড় বলেন, “আজ ভোটার্স ডে। গণতন্ত্রে গুরুত্বপূর্ণ এই ভোটাররা। বলতে খারাপ লাগছে পশ্চিমবঙ্গে ভোটারদের কোনও স্বাধীনতা নেই। আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসা কীভাবে এ রাজ্যে হয়েছে। নিজেদের মতো করে ভোট দিয়েছেন বলে জীবন দিতে হয়েছে”।

জগদীপ ধনখড় বলেন, “আজ ভোটার্স ডে। গণতন্ত্রে গুরুত্বপূর্ণ এই ভোটাররা। বলতে খারাপ লাগছে পশ্চিমবঙ্গে ভোটারদের কোনও স্বাধীনতা নেই। আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসা কীভাবে এ রাজ্যে হয়েছে। নিজেদের মতো করে ভোট দিয়েছেন বলে জীবন দিতে হয়েছে। এটা লজ্জাজনক। এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে”।

রাজ্যের কথা বিশ্লেষণ করে রাজ্যপাল বলেন, “পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ানক, ভয়াবহ। রাজ্যপাল হিসাবে আমি চিন্তিত। আমি অনেক চেষ্টা করেছি রাজ্যের শাসন ব্যবস্থা, রাজ্যের প্রশাসন সংবিধান অনুসারে চলুক। আইন মেনে কাজ করুক। কিন্তু সরকারি আধিকারিকরা তাঁদের নিয়ম ভুলে গিয়েছেন। সাংবিধানিক মর্যাদা ভুলে গিয়েছেন। সংবিধানের সঙ্গে দূর দূরান্ত অবধি তাঁদের কোনও সম্পর্কই নেই। আগুন নিয়ে খেলছেন তাঁরা”।

RELATED Articles