সম্পত্তির খতিয়ান নিয়ে শাসক ও বিরোধীর মধ্যে তরজা কিছু কম হচ্ছে না। সোশ্যাল মিডিয়া পোস্ট, শাসানি-ধমকানি সবই চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। এরই মাঝে এবার এক বড় হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল মুখে। কার্যত শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
ঠিক কী বলেছেন কুণাল?
আজ, শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, “২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাদের”।
এদিন কুণালের আরও অভিযোগ, “বাংলার মানুষ ২৪ ঘণ্টার মধ্যে অধিকারীদের সম্পত্তির হিসেবে গরমিল, সন্দেহজনক ব্যাপার যা যা আছে, সেসব জানতে পারবেন”। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই আর্থিক দুর্নীতি কে প্রকাশ্যে আনবে? এই বিষয়ে কুণালের জবাব, সেটা তিনি জানেন না তবে সবকিছু তৈরি রয়েছে। কেউ না কেউ ফাঁস করবেন, এটাও স্পষ্ট করে দেন তৃণমূল মুখপাত্র।
প্রসঙ্গত, গত বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই একপ্রকার অধিকারী পরিবারের সম্পত্তির খতিয়ান নিয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে ‘কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে না বেরিয়ে আসে’। এমনকি, মমতা এও বলেন, কার কোথায় কতটা সম্পত্তি রয়েছে, তার হিসেবও তাঁর কাছে রয়েছে।
এরপরই এর জবাব দিয়ে নিজের আয়কর রিটার্নের নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও সেটা নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি কুণাল ঘোষ। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার কুণাল হুঁশিয়ারি শানালেন অধিকারী পরিবারের আর্থিক বেনিয়ম ফাঁস করার।





