মদ্যপ অবস্থায় ডিউটি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে, স্পষ্ট জানাল লালবাজার

সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ কিছু কম নয়। নানান সময় নানান অভিযোগ উঠে আসে তাদের বিরুদ্ধে। আর জি কর কাণ্ডেও অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। আর এরপরই মদ্যপ অবস্থায় এক অন ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠেছে ব্যারিকেডে ধাক্কা মারার অভিযোগ। এবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করল লালবাজার।

 বলে রাখি, গতকাল, শুক্রবার রাতে সিঁথির মোড়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আর জি করের ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। সেই কর্মসূচি শুরু হয় রাত ১১টায়। কিন্তু অভিযোগ, মাঝরাতে সাড়ে ৩টে নাগাদ বাইকে করে আসেন এক সিভিক ভলান্টিয়ার আর প্রতিবাদীদের ব্যারিকেডে ধাক্কা মারেন তিনি।

বাইকে লেখা ছিল পুলিশ। অভিযুক্ত জানান, তিনি অন ডিউটিতে রয়েছেন। কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। বিক্ষোভকারীদের প্রশ্ন, অন ডিউটিতে থাকা এক পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় থাকেন কীভাবে। কিন্তু অভিযোগ, সব জানার পরও ওই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেন এক পুলিশ কর্মী। এই নিয়ে আরও প্রতিবাদ তীব্র হয়। পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। অবশেষে সেই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

তবে এবার এই মদ্যপ অবস্থায় ডিউটি করা নিয়ে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কড়া ঘোষণা করল লালবাজার। জানানো হয়েছে, এরপর থেকে যদি কোনও সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় ডিউটি করে, বা তাঁর কাজে কোনও গাফিলতি দেখা যায়, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে লালবাজার।  

আরও পড়ুনঃ কড়া নিষেধাজ্ঞা! এই জিনিসগুলি নিয়ে আর ঢোকা যাবে না কলকাতায়, নির্দেশিকা জারি করল পুলিশ 

প্রসঙ্গত, এর আগে আর জি করের ঘটনায় সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হওয়ার পর কড়া পদক্ষেপ করেছিল লালবাজার। সমস্ত সিভিক ভলান্টিয়রদের সমস্ত তথ্য তলব করা হয়েছিল কলকাতা পুলিশের সদর দফতরের তরফে। দুটি বিষয় জানতে চেয়েছিল লালবাজার। একটি হল, সিভিক ভলান্টিয়রদের কোনও চারিত্রিক দোষ রয়েছে কী না? আর অন্যটি হল, ওই সিভিকের বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কোনও কাজের অভিযোগ রয়েছে কী না। সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়, সিভিক ভলান্টিয়ারদের সমস্ত খোঁজখবর নিয়ে যাতে তারা এনওসি পাঠায়।

RELATED Articles