পাহাড়ের উন্নয়নের জন্য এবার নতুন রূপরেখা তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে দার্জিলিংয়ে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দার্জিলিংয়ে এবার জায়গায় একটি নতুন শহর গড়ে উঠবে। ‘পাহাড়ের রানী’কে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে সমতলের মতো পাহাড়ে তৈরি হবে সিলিকন ভ্যালি। পাহাড়ে আইটি হাব গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে কর্মসংস্থানের দিশা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী জানান এই শহরে থাকবে হোম স্টে, শপিং মল, রেস্তোরাঁ-সহ আরও নানান পরিষেবা। এর জন্য ২০০ একর জমির বন্দোবস্ত করা হয়ে গিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ের মূল শহরের পাশেই নতুন এই শহর গড়ে উঠবে। এর পাশাপাশি পাহাড়ের যানজট, পানীয় জলের সমস্যা সমাধান থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে একাধিক ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক নতুন দার্জিলিং গড়ার স্বপ্ন দেখিয়েছেন তিনি।
জিটিএ নির্বাচনে অনীত থাপাদের সঙ্গে তৃণমূল জোট করে লড়েছিল। পাহাড়ে স্থানীয় প্রশাসনের নির্বাচনে খাতা খুলেছে তারা। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাঝে পাহাড় কিছুটা অশান্ত হয়েছিল তবে তা নিয়ন্ত্রণে এনেছে রাজ্য সরকার। পাহাড় এখন অনেক শান্ত। সেই শান্তির বাতাবরণকেই ধরে রাখতে হবে”।
এদিন মুখ্যমন্ত্রী নতুন শৈলশহরের রূপরেখা দিতে গিয়ে বলেন, ‘”২০০ একর জমিতে নতুন শিল্পনগরী হবে। নতুন শিল্পনগরীতে থাকবে হোম স্টে, শপিং মল, ওয়্যার হাউজ, পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা। আইটি হাব হবে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। পাহাড়ে যাঁরা ফুটপাথে দোকান দেন, তাঁদের জন্য তৈরি হবে বড় দোকান”।
তিনি আরও বলেন, “মংপুতে হবে হিল ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস পাবে পাহাড়বাসী। ডাওহিলে হবে এডুকেশন হাব। কার্শিয়াং থেকে রোহিনী পর্যন্ত তৈরি হচ্ছে রোপওয়ে। রিজার্ভার তৈরি করে ঝোরার (ঝর্ণা) জল সংরক্ষণের ভাবনা রয়েছে। পাহাড়ের মহিলারা গাড়ি চালালে গাড়ি কেনার জন্য ঋণ দেবে সরকার”।






