এ যেন সন্দেশখালির পুনরাবৃত্তি। হামলা হওয়া সত্ত্বেও NIA-এর বিরুদ্ধেই দায়ের হল পাল্টা অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের শ্লী’ল’তা’হা’নির অভিযোগ দায়ের হল ভূপতিনগর (Bhupatinagar) থানায়। বিস্ফোরণে অভিযুক্ত ধৃত মনোব্রত জানার স্ত্রী এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গতকাল, শনিবার কাকভোরে ভূপতিনগরে (Bhupatinagar) অভিযানে যায় এনআইএ। সেখানে বিস্ফোরণের ঘটনায় তল্লাশি চলে। এই ঘটনায় দুই তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সেই সময় হামলার মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের। আহত হন দু’জন আধিকারিক।
এই ঘটনার পরই গর্জে ওঠেন ভূপতিনগরের (Bhupatinagar) মহিলারা। ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রী অভিযোগ করেন তাঁর বাড়িতে ঢুকে হেনস্থা করা হয়েছে মহিলাদের। এরপরই এনআইএ-এর বিরুদ্ধে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়ে শ্লী’ল’তা’হা’নির। জানা গিয়েছে, কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৪ ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে এনআইএ-এর উপর হামলার ঘটনাতেও ভূপতিনগর (Bhupatinagar) থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ, আহত হয়েছেন দু’জন আধিকারিক। সেই ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
বলে রাখি, গতকাল শনিবার, উত্তরবঙ্গের সভা থেকে ভূপতিনগরের (Bhupatinagar) ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথাতেও শ্লী’ল’তা’হা’নির ইঙ্গিত ছিল। তিনি বলেছিলেন, “হামলাটা মেয়েরা করেনি। হামলাটা করেছে এনআইএ। মধ্যরাতে গিয়ে যদি মহিলাদের বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না”। তাঁর সেই মন্তব্যের পর এবার এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ।
এই অভিযোগ দায়ের করা প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এনআইএ-র বিরুদ্ধে ক্রমাগত প্ররোচনামূলক কথা বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি। এভাবে সত্যিকে লুকিয়ে রাখা যাবে না”।





