রাজ্য করোনা সংক্রমণে এবার রেকর্ড করল। রবিবার একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৮জন। মৃত্যু হয়েছে ৩ জনের। যত দিন যাচ্ছে ততই শিথিল হচ্ছে লকডাউনের কড়াকড়ি। এর মধ্যেই কেন্দ্র নির্দেশিত শ্রমিক স্পেশাল ট্রেনে ভিনরাজ্য থেকে ফিরছেন পরিযায়ীরা। ফলে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ার আশঙ্কা করছিলেন চিকিৎসক ও প্রশাসনের কর্তারা।
গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে আধিপত্য বিস্তার করেছে বিধ্বংসী আমফান। কিন্তু তার মধ্যেও রেহাই নেই করোনার হাত থেকে। কিছুদিন পশ্চিমবঙ্গে করোনা সংক্রমনের বৃদ্ধির সংখ্যাটা ১০০-১৩০-এর মধ্যেই ঘোরাফেরা করছিল। কিন্তু রবিবার হঠাৎই এক লাফে তা ২০০ পার করে গেল। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার পশ্চিমবঙ্গে ১,২১৬টি কোভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২০৮টি কেস পজিটিভ রয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে উত্তরবঙ্গে জেলাগুলোতে বাড়ছে করোনার দাপট। তাতেই বিশেষজ্ঞরা মনে করছেন, ভিন্ন রাজ্য থেকে আসা মানুষেরা তাদের সঙ্গে করে করোনাকেও রাজ্যে নিয়ে এসেছেন। তবে ভালো কথা সমস্ত পরিযায়ীরাই আপাতত কোয়ারেন্টাইনে আছেন। তাই তাদের থেকে স্থানীয় সংক্রমণ ছড়ানোর ভয় তেমন নেই।
রাজ্যে নতুন করে ৩ জনের মৃত্যু হওয়ায় পশ্চিমবঙ্গে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৬৭।





