তৃণমূল-বিজেপি তরজায় বাংলায় কান পাতা দায়। উত্তপ্ত রাজ্য রাজনীতি। চতুর্থ দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪। সেই মৃত্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনীতি। কিন্তু হিংসা যেনও থামার নয়। বিভিন্ন জায়গায় খুন। হিংসা, প্রার্থীদের ওপর আক্রমণের খবর মিলছে।
এরইমধ্যে এবার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র দাবি করলেন আজ সকালে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় তিনি দেখেন কেউবা কারা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুড়িয়ে দিয়েছে বিজেপির ব্যানার। ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টার। যথারীতি এই ঘটনার জন্য তিনি শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তোলেন।
আরও পড়ুন- অমিত শাহ্’র নির্দেশেই গুলি চলেছে মাথাভাঙায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী মমতার
তিনি সকালেই এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করছে পুলিশ।
বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের অভিযোগ, “রাতের অন্ধকারে সুযোগ নিয়ে তৃণমূলের দুষ্কৃতিরাই এমন ঘটনা ঘটিয়েছে। নৈহাটি বিজেপি গ্রামীণ মন্ডলের কাঁপা নাগদহ গ্রামের ২২ ও ২৪ নং বুথ এলাকায় তাঁর পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। সেখানেই ঘটেছে এই ঘটনা।”
আরও পড়ুন- মোদীর সভা থেকে ফেরার পরই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
ফাল্গুনী দেবীর আরও অভিযোগ, দুষ্কৃতীরা শুধু পোস্টারই পোড়ায়নি, এক দলীয় কর্মীর বাড়ির দরজার সামনেও আগুন লাগিয়ে দেয়। তিনি বলেন তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।





