রামনবমীতে অশান্তির মামলায় তৎপর NIA, শিবপুর-রিষড়া-ডালখোলার ঘটনায় ৬টি এফআইআর দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

রামনবমীতে অশান্তির মামলায় এবার আরও তৎপর হল এনআইএ। শিবপুর-রিষড়া-ডালখোলার ঘটনায় এবার ৬টি এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই এফআইআর কপি আজ, বৃহস্পতিবার কলকাতার এনআইএ আদালতে জমা পড়বে। এরপর এই মামলা সংক্রান্ত সমস্ত নথি রাজ্য পুলিশের থেকে এনআইএ-র হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হবে আদালতে। এই অশান্তির ঘটনায় রাজ্য পুলিশ এখনও পর্যন্ত যাদের গ্রেফতার করেছে, তাদের নিজের হেফাজতে নিতে চাইবে এনআইএ।

রামনবমী মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা উত্তপ্ত হয়ে ওঠে। এই অশান্তির রেশ ছিল কয়েকদিন। সেই অশান্তির জেরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সিবিআই তদন্তের দাবী তোলেন তিনি। সেই মামলায় রাজ্যের তরফে বলা হয়েছিল, রাজ্যের এই ঘটনায় কেন্ত্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রয়োজন নেই।

তবে পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে বলে, কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। এর জন্য কেন্দ্রীয় সংস্থা প্রয়োজন। NIA আদালতে জানিয়েছিল যে তারা তদন্তভার নিতে প্রস্তুত।

এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে রামনবমীতে অশান্তির ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়। হাওড়ার পুলিশ কমিশনার, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ও এডিজি সিআইডি-কে এনআইএ চিঠি দেয়।  অশান্তির মামলার তদন্ত কীভাবে এগোবে, তা নিয়ে এনআইএ-র কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত ডিআইজি বৈঠকও করেন।

হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ-কে সব তথ্য জমা করতে হবে। অশান্তির ঘটনার সিসিটিভি ফুটেজ, এফআইআর সমস্ত তথ্য ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।

আরও অন্যান্য খবর