‘মিথ্যে কথা বলছে সিবিআই…’, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আর জি করের নির্যাতিতার মা-বাবা

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় মামলা এখনও বিচারাধীন। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। সিবিআইয়ের উপর ভরসা রেখেছিলেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু হঠাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তারা। সিবিআইকে মিথ্যেবাদী বলে দাগলেন।

একমাস পর গতকাল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি ছিল। এদিন শুনানির পর সিবিআইয়ের সঙ্গে সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও আচমকাই বিস্ফোরক অভিযোগ আনলেন আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের মা-বাবা। তাদের কথায়, “সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোভাবেই বুঝে গিয়েছি। সিবিআই এর মতো একটি সংস্থার আধিকারিকরা যে আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যে কথা বলবেন, সেটা দেখে চমকে উঠেছি। আদালতে সিবিআই বলেছে, ওরা নাকি সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে! কিন্তু কোথায় যোগাযোগ”?

সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে নির্যাতিতার বাবা বললেন, “সিবিআই আমাদের বলেছিল যে চার্জশিট জমা দেওয়ার আগে আমাদের জানাবে। কিন্তু কিছু জানায়নি। এমনকী সাপ্লিমেন্টারি চার্জশিট ওরা কবে জমা দেবে, সে নিয়ে বারবার মেসেজ করে জানতে চাওয়া হলেও ওরা আমাদের কিছু জানায়নি”।

নির্যাতিতার মা-বাবার অভিযোগ, তদন্তের সম্পর্কে তাদের কিছু জানানোই হয়নি। তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তাদের কথায়, “সেই রাতে মেয়েটার সঙ্গে কী ঘটেছিল, কেন এভাবে আমার মেয়েকে মেরে ফেলা হল, আমরা তো এটুকু জানতে চাই এবং যারা দোষী তাদের কঠোরতম শাস্তি। কিন্তু সেই জায়গায় তো আজও আমরা অন্ধকারে”।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। সেই ঘটনার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। প্রথমে এই মামলার শুনানি হত প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তবে তিনি অবসর নেওয়ার পর এখন এই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে।

আরও পড়ুনঃ ‘আমরা বিদ্যুৎ না পাঠালে তো দেশটাই অন্ধকারে ডুবে যাবে’, ফের বাংলাদেশকে শা*নিয়ে হু’ঙ্কার শুভেন্দুর 

গতকাল, মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। এদিন আদালতে ধর্ষণ-খুনের মামলা ছাড়াও আরজিকরের আর্থিক দুর্নীতি, ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রসঙ্গও ওঠে। আর জি কর মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ। এর ফলে নির্যাতিতার মা-বাবা কিছুটা হতাশ হলেও তারা যে আশা হারাচ্ছেন না তাও জানিয়েছেন তারা।

আরও অন্যান্য খবর