ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বেশ কয়েকমাস ধরেই ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে এলাকায় তোলাবাজি করছিলেন তিন যুবক। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ আসছিল পুলিশের কাছে। ওই তিন যুবকের ছবি পেয়ে নাম ও পরিচয় জানার চেষ্টা করে পুলিশ। শেষমেশ তাদের আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাড়োয়া-রাজারহাট রোডের অর্জুনতলা এলাকায়।
হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের কাছে গোপন সূত্রে খবর যায় যে উত্তর ২৪ পরগনার রাজারহাট এলাকায় রয়েছে ওই তিন যুবক। সেই খবর মতো রাজারহাটের একটি গোপন আশ্রয় থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে হাড়োয়া ও রাজারহাট থানার যৌথ পুলিশ বাহিনী।
এই ধৃতরা হল নিউ বারাকপুরের বাসিন্দা বাবু দত্ত ও সুমন মিস্ত্রি এবং জগদ্দলের বাসিন্দা অমিত কুমার তাঁতি। তারা তিন জন বেশ কিছুদিন ধরে বসিরহাটের নানান প্রান্তে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করেছিলেন বলে অভিযোগ।
আজ, বুধবার ওই তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানায় হাড়োয়া থানার পুলিশ। এই যুবকদের সঙ্গে বড়সড় কোনও প্রতারণা চক্র যুক্ত রয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।





