ফের রাজ্যে উদ্ধার টাকার পাহাড়! গাড়ির ডিকিতে সাজানো থরে থরে টাকা, বিপুল টাকাভর্তি গাড়ি উদ্ধার করল পুলিশ

গত বছর থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে একাধিকবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এবার ফের একবার রাজ্যের এক প্রান্ত থেকে উদ্ধার টাকার পাহাড়। নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিপুল পরিমাণ টাকা। একটি গাড়ির ডিকিতে ছিল টাকা বোঝাই গাড়ি। সেই গাড়ি আটকায় পুলিশ।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার রাতে বর্ধমানের তেলিপুকুর এলাকায়। জানা গিয়েছে, একটি চারচাকা গাড়ি রায়নার দিক থেকে দামোদর সেতু পার হয়ে যাচ্ছিল বর্ধমানের দিকে। সেই গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ। সেই গাড়িতে এক শিশু-সহ তিন মহিলা ছিলেন বলে খবর।

তল্লাশি চালাতে গিয়ে গাড়ির ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। কারণ সেখানে সাজানো ছিল থরে থরে টাকা। গাড়িতে যারা ছিলেন তাদের থেকে পুলিশ এই টাকার নথি চাইলে তা দেখাতে পারেন নি তারা। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান থানার আইসি ও পদস্থ পুলিশ আধিকারিকরা। গাড়ির মালিকও আসেন ঘটনাস্থলে।

কোথা থেকে এল এত টাকা?

গাড়ির আরোহীদের দাবী, এই টাকা ব্যবসার। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার কোনও নথিই দেখাতে পারেন নি তারা। গাড়ির আরোহী-সহ সমস্ত টাকা থানায় নিয়ে যায় পুলিশ। সঠিক নথি না দেখাতে পারায় ওই টাকা আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এই চারচাকা গাড়ির আরোহীদের বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় বেশ কয়েকটি রাইসমিল আছে। এছাড়াও বর্ধমান শহরে তাদের বহুজাতিক সংস্থার একটি পোশাকের শোরুমও রয়েছে। তবে গাড়িতে উদ্ধার এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাজ্যের নানান প্রান্ত থেকে এভাবেই উদ্ধার হয়েছে টাকা। এভাবেই হাওড়ার ব্যবসায়ীর গাড়িতেও তল্লাশি চালিয়ে তদন্তকারীরা টাকা উদ্ধার করেছিলেন। অনেক ক্ষেত্রেই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় হাওয়ালা যোগেরও প্রমাণ মেলে। তবে এই টাকার কী রহস্য, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

RELATED Articles