সমস্ত দাবী-দাওয়া মেনে নিতে হবে, তা না হলে আগামী মাস থেকে আর মিলবে না রেশন পরিষেবা, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে। দাবী না মানলে ডিসেম্বর থেকেই রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি বিশ্বম্ভর বসু।
গতকাল, শুক্রবার বিকেলে এক বৈঠক হয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের। সেই বৈঠকেই এমন চরম সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সংগঠনের জেনারেল সেক্রেটারি বিশ্বম্ভর বসু। তাঁর কথায়, “আমাদের রাজ্য কমিটির বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে, সমস্যাগুলি না মিটলে, ডিসেম্বর মাস থেকে বাংলার রেশন ডিলাররা রেশন পরিষেবা থেকে সরে দাঁড়াব”।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের বক্তব্য, বর্তমান বাজারদর অনুযায়ী কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছে। কিন্তু রেশন ডিলারদের ডিএ সেই হারে বাড়ছে না। তাদের কথায়, “২০২২ সালের এপ্রিলে ২০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু সেটায় আমাদের হচ্ছে কি না, সেটা দেখার সময় এখনও কেন্দ্রীয় সরকার পায়নি”।
শুধুমাত্র কেন্দ্র সরকারই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ রয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের। বিশ্বম্ভর বসুর অভিযোগ, রাজ্য সরকারের কাছে অনেকবার দরবার করা হয়েছে, কিন্তু কোনও সুরাহা হয়নি। তিনি জানান, রাজ্যের কাছে প্রচুর বকেয়া জমে রয়েছে সংগঠনের।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি বিশ্বম্ভর বসু জানান, করোনাকালে রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই সময় রেশন ডিলাররা টাকা দিয়ে কেনা রেশন সামগ্রী বিলি করেছিলেন বিনা পয়সায়। কিন্তু সেই টাকা এখনও মেটায় নি রাজ্য সরকার। সেই বকেয়া টাকা মেটানোর দাবী করেছে সংগঠন। এমনকি, হ্যান্ডেলিং লসের টাকাও অনেকসময় রাজ্য ঠিকঠাক দেয় না বলে অভিযোগ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার