ভবানীপুরে উপনির্বাচন নিয়ে আইনি পথেই হাঁটল বিজেপি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

চলতি মাসের ৩০শে সেপ্টেম্বর রয়েছে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। এবার এই উপনির্বাচন নিয়েই জনস্বার্থ মামলা করা হল কলকাতা হাইকোর্টে। নির্বাচন নিয়ে কমিশনকে লেখা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চিঠিকে হাতিয়ার করেই এই মামলা করা হয়েছে। এই মাম্লাতি করেছেন বিজেপি ঘনিষ্ঠ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে করোনা পরিস্থিতির অনেকটা ভালো। এই সময় উপনির্বাচন করানো হোক, এমন দাবী নিয়ে বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এরপর কমিশনকে চিঠিও দেন মুখ্যসচিব। এরপরই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌজন্যের রাজনীতি! ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ফর্ম ফিল-আপ করলেন বিজেপি নেতা-নেত্রীরা

অন্যান্য কেন্দ্র থাকা সত্ত্বেও শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রেই কেন উপনির্বাচন ঘোষণা হল, এ নিয়ে বিজেপি নেতৃত্ব প্রশ্ন তোলে। তখনই বলা হয়েছিল যে এই নিয়ে আইনি পথে আহতবে গেরুয়া শিবির। আর তেমনটাই হল।

মুখ্যসচিবের চিঠির বয়ান নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। মামলাকারীর দাবী, রাজ্যে একাধিক কেন্দ্রে উপনির্বাচন প্রয়োজন। কিন্তু শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের জন্যই কেন চিঠি দিলেন মুখ্যসচিব? মুখ্যসচিব কী ঠিক করতে পারেন যে কে মুখ্যমন্ত্রী হবেন? এমন প্রশ্ন তুলেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

মামলাকারীর প্রশ্ন, মুখ্যসচিব কী শুধুমাত্র একটি আসনেই ভোট চেয়ে চিঠি দিতে পারেন? তবে ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যসচিব রাজ্যের আমলাদের মধ্যে প্রধান। তাই সেই অধিকার সূত্রে তিনি এই চিঠি দিতেই পারেন।

এদিকে উপনির্বাচন নিয়ে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংগঠন। উপনির্বাচন সংক্রান্ত ওঁদের সিদ্ধান্ত নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। অনেকের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি। তাই কেউ-কেউ আদালতে গিয়েছেন”।

আরও পড়ুন- কৃষক আন্দোলন দমনে নয়া হাতিয়ার মোদীর, রবিশস্যে বাড়ানো হল ন্যুনতম সহায়ক মূল্য

তবে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা সম্পূর্ণভাবেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এই কারণে এক্ষেত্রে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে করা এই মামলা করাটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে বেশ সংশয় রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আজ, বৃহস্পতিবারই মামলাটির শুনানি হতে পারে।

RELATED Articles