উত্তরবঙ্গ ভিজছে বৃষ্টিতে, দক্ষিণবঙ্গ ভিজছে ঘামে, সপ্তাহভর চলবে তাপপ্রবাহ, দক্ষিণবঙ্গে কবে নামবে বর্ষা? স্বস্তির খবর কী শোনাল হাওয়া অফিস?

দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে গত কয়েকদিনে আবহাওয়ার একটু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তাপপ্রবাহ ও প্রাক বর্ষার বৃষ্টি সমানুপাতে চলছে যেন দক্ষিণবঙ্গে। অস্বস্তিও জারি রয়েছে। অন্যদিকে আবার উত্তরবঙ্গের মালদহে মৌসুমি অক্ষরেখা আটকে রয়েছে। যদিও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বটে কিন্তু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আটকে রয়েছে। সাধারণত ৭ই জুন নাগাদ করে জলপাইগুড়িতে বর্ষা ঢুকে যায়। কিন্তু এবার তা প্রবেশ করেছে পাঁচদিন দেরিতে। দক্ষিণবঙ্গে আদৌ কবে বর্ষা ঢুকবে, তা নিয়ে কোনও আশার খবর এখনও শোনাতে পারে নি হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে মালদহের উপর দিয়ে অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা। ১৭ জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

আবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ভারী বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধসের হওয়ার সম্ভাবনা। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। আগামী পাঁচদিন দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি।

আবহাওয়া দফতরের সূত্রে খবর, গোটা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বটে কিন্তু অস্বস্তি কাটবে না। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতেও গরম ও অস্বস্তি বজায় থাকবে।

কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে। আজ, বুধবার মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির সম্ভাবনা বেশি।।

RELATED Articles