গতকাল, বৃহস্পতিবার লোকসভায় ঘটে এক নিন্দনীয় ঘটনা। এদিন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে (Saumitra Khan) ব্যক্তিগত আক্রমণ করেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roys)। এবার বর্ষীয়ান সাংসদকে পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা।
গতকাল, বৃহস্পতিবার বাজেটের বিরোধিতা করে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় সৌমিত্র খাঁ কিছু মন্তব্য করেন। এরপরেই সৌগত রায় বলেন, “তোমার বউ পালিয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। বউ চলে যাওয়ার পর ওর তার কেটে গেছে”।
এহেন ব্যক্তিগত আক্রমণের প্রেক্ষিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সৌগত রায়কে সতর্ক করেন। একজন বর্ষীয়ান সাংসদের মুখ থেকে এম মন্তব্য শোভা পায় না বলে জানান তিনি। অন্যদিকে, বিরোধী সংসদরা আবার প্রশ্ন রাখেন যে সৌগত রায়ের বক্তব্য পেশের মধ্যে অন্যরা কেন কথা বলছে। তবে ওম বিড়লা স্পষ্ট জানিয়ে দেন, অন্যরাও যদি এই ধরনের মন্তব্য করেন, সেক্ষেত্রে তাদেরও একই কথা বলবেন তিনি।
লোকসভায় কোনও প্রতিক্রিয়া না জানালেও পরবর্তীতে সংবাদমাধ্যমে সৌগতর এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খোলেন সৌমিত্র খাঁ। বলেন, “সৌগতদা বলুন না দেখি উনি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে কী করতে যেতেন? গিয়ে কি চা খেতেন”? সৌমিত্র আরও বলেন, “শুক্রবার সংসদে দাঁড়িয়েই এর জবাব দেব”।
ওয়াকিবহাল মহলের মতে, রাজনীতিতে শিষ্টাচার ও সংযত ভাষার ব্যবহারের সংস্কৃতি প্রায় তলানিতে এসে ঠেকেছে। সৌগত ও সৌমিত্রর এই তরজা তা যেন আরও একবার প্রমাণ করে দিল।
বলে রাখি, সৌমিত্র ও সুজাতার দাম্পত্যে ফাটল ধরে ২০২১-এর শুরুর দিকে। বরাবর একই শিবিরের হয়ে লড়াই করে এসেছেন দু’জন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এরপরই সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা বলেন সৌমিত্র খাঁ। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর স্ত্রীকে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র। তবে এতে বিশেষ সাড়া দেননি সুজাতা। পরবর্তীতে শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের জন্য সৌমিত্রকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন সুজাতা। তা মেনে নেন নি বিজেপি সাংসদ। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। সেই মামলা চলছে আদালতে। আর সেই প্রসঙ্গ নিয়েই খোঁচা দেন সৌগত রায়।
অন্যদিকে আবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হওয়ার পর বিজেপির তরফে অভিযোগ আনা হয়েছিল যে অর্পিতার ফ্ল্যাটে নাকি যাতায়াত ছিল সৌগত রায়েরও। যদিও তা অস্বীকার করেন তৃণমূল সাংসদ। এদিন ফের সেই প্রসঙ্গই টানলেন সৌমিত্র খাঁ।





