গতকালই বিধানসভার অধিবেশনে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঘোষণা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্ত একেবারেই মেনে নেয়নি বিজেপি। প্রতিবাদ উঠেছে এই সিদ্ধান্ত নিয়ে। এবার এই সিদ্ধান্তের প্রতিবাদ করে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নালিশ করতে যাচ্ছে বিজেপি পরিষদীয় দল।
এদিকে আবার কিছুদিন আগেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নালিশ জানান যে রাজ্যপাল বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন। এই প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষের চিঠিও যায় রাজ্যপালের কাছে। আগে থেকেই দুই পক্ষের সম্পর্কের মধ্যে চিড় ধরেই রয়েছে।
আর এর মধ্যেই আবার আগামী মঙ্গলবার বিজেপি পরিষদীয় দলের পাঁচজন সদস্যকে নিয়ে রাজভবন যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে, রাজ্যপালকে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগপত্রও দেওয়া হবে এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
গতকাল, শুক্রবার বিধানসভার অধিবেশন শেষে স্পিকার পিএসি চেয়ারম্যানের নাম ঘোষণা করতেই অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। তাই-ই নয়, শুভেন্দু অধিকারী নিশ্চিত করেন যে বিধানসভার নানান কমিটির চেয়ারম্যান পদ থেকে দলীয় বিধায়কদের ইস্তফা দেবেন।
এরপরই রাজভবনের কাছে সময় চাওয়া হয়। এরপর আগামী মঙ্গলবার রাজভবন থেকে বিরোধী দলনেতাকে সময় দেওয়া হয়েছে। জানা গিয়েছে রাজ্যপালকে যে প্রতিবাদপত্রটি দেওয়া হবে, তা কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় তৈরি করছেন। সেখানে কী কী লেখা থাকে, এখন সেটাই দেখার।
আরও পড়ুন- বিজেপির মাথায় বজ্রাঘাত, বিধানসভার পিএসির চেয়ারম্যান হলেন মুকুল রায়
বিজেপি সূত্রে খবর অনুযায়ী, রাজ্যপালের কাছে এই পুরো বিষয়টি তুলে ধরা হবে। তাঁকে আইনত ব্যবস্থা নিতে বলা হবে বলেও জানা যাচ্ছে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতেও পিছু হটবেন না বিজেপি নেতারা।
রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হবে যে পরিষদীয় রাজনীতিতে বিরোধী দলের অধিকারকে শাসকদল খর্ব করছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটির মনোনয়ন প্রক্রিয়াকে ঘুরপথে যাতে নিজেদের দিকে টানা যায়, সেই চেষ্টাও করা হবে বলে খবর।






